বিনোদন

প্রকাশ্যে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এর প্রথম ঝলক

নতুন সিজনের সবচেয়ে বড় আকর্ষণ, বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর হইচই-এ প্রথম ওয়েব সিরিজে অভিনয়

Truth of Bengal: হইচই-এর জনপ্রিয় কোর্টরুম কমেডি-ড্রামা ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ ফিরছে তৃতীয় সিজন নিয়ে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই জনপ্রিয় সিরিজে এবার থাকছে আরও বড় আইনি লড়াই, রহস্য, আবেগ এবং একাধিক চমক। তবে নতুন সিজনের সবচেয়ে বড় আকর্ষণ, বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর হইচই-এ প্রথম ওয়েব সিরিজে অভিনয়।

এই সিজনে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে প্রভাবশালী প্রতিরক্ষা আইনজীবী দিগ্বিজয় সিংহ-এর চরিত্রে। অন্যদিকে, আগের দুই সিজনের মতোই অচিন্ত্য আইচ চরিত্রে ফিরছেন ঋত্বিক চক্রবর্তী। তবে এবার বড় পরিবর্তন হল, প্রতিরক্ষা আইনজীবীর বদলে প্রথমবার প্রসিকিউটরহিসেবে আদালতে লড়াই করবেন অচিন্ত্য। ফলে দিগ্বিজয় ও অচিন্ত্যের মুখোমুখি আইনি দ্বৈরথই হতে চলেছে নতুন সিজনের মূল আকর্ষণ। নতুন সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিয়েছেন ঈশা সাহা, মিঠু চক্রবর্তী এবং অভিষেক বসু। ঈশা সাহাকে দেখা যাবে দেবযানী রায় বর্মণ-এর চরিত্রে, যিনি এই গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। এছাড়াও রয়েছেন খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য-সহ একাধিক পরিচিত শিল্পী।

গল্পের পটভূমি কলকাতা। এক ধনী ব্যবসায়ী নীল রায় বর্মণ-এর মৃত্যুর পর তাঁর স্ত্রী দেবযানী সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু শেষকৃত্যের দিনই এক ব্যক্তি নিজেকে নীল বলে দাবি করে হাজির হন। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। ধীরে ধীরে সামনে আসে পারিবারিক গোপন রহস্য, লোভ, ব্ল্যাকমেল, খুন এবং প্রতিশোধের জটিল ষড়যন্ত্র।

সিরিজ প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, শক্তিশালী চিত্রনাট্য এবং দিগ্বিজয় সিংহ চরিত্রের জটিলতাই তাঁকে এই কাজ করতে উৎসাহিত করেছে। একইসঙ্গে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে অত্যন্ত আনন্দের ছিল। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী জানান, অচিন্ত্য আইচ চরিত্রে ফিরে আসা তাঁর কাছে সবসময়ই বিশেষ অনুভূতির। এবার প্রতিপক্ষ হিসেবে সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতাকে পাওয়ায় আদালতের লড়াই আরও উপভোগ্য হয়েছে বলে তাঁর মত। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, তৃতীয় সিজনে গল্পের আবেগ ও আইনি সংঘাত—দুই ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে। সব্যসাচী চক্রবর্তীর সংযোজন এবং নতুন শিল্পীদের অভিনয় এই সিজনকে আরও সমৃদ্ধ করেছে বলে তিনি জানান।

Related Articles