‘তুম্বাড ২’-এ বড় চমক! ছবিতে থাকছেন আলিয়া ভাট
ছবির কাস্টে এবার যোগ দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট
Truth of Bengal: বহু প্রতীক্ষিত ‘তুম্বাড ২’ নিয়ে এল বড় চমক। ছবির কাস্টে এবার যোগ দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আলিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে এই ঘোষণা করেন অভিনেতা ও প্রযোজক সোহম শাহ। ইনস্টাগ্রামে কালো পোশাকে আলিয়ার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে সোহম লেখেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা। ‘তুম্বাড ২’-এ স্বাগত, আলিয়া। দেখা হবে প্রেক্ষাগৃহে।” সঙ্গে ব্যবহার করেন #Tumbbad2 এবং #PralayAayega হ্যাশট্যাগ।

কয়েক মাস আগেই নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তুম্বাড ২। মুক্তির দিন ঘোষণার আগে মোশন পোস্টার এবং একাধিক রহস্যঘেরা পোস্টের মাধ্যমে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছিলেন নির্মাতারা। এর আগে ছবির পোস্টার প্রকাশ করে সোহম শাহ লিখেছিলেন, “পাপে ভরা অতীত, অশুভ ভবিষ্যৎ। লোভের উত্তরাধিকার আরও ভয়ংকর রূপে ফিরে আসছে।” সেই বার্তাই স্পষ্ট করে দেয়, প্রথম ছবির অন্ধকার ও রহস্যময় আবহ আরও বিস্তৃত আকারে তুলে ধরা হবে সিক্যুয়েলে।

এক বিবৃতিতে সোহম জানান, ‘তুম্বাড’ তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি ছবি। সিক্যুয়েলে সেই রহস্যময় জগতকে আরও গভীর ও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্রথম ছবির পৌরাণিক আবহ ও পরিবেশ বজায় রেখেই নতুন গল্প এবং নতুন স্তর যোগ করা হবে, যাতে পুরনো অনুভূতির সঙ্গে নতুন অভিজ্ঞতারও স্বাদ পান দর্শক। আদেশ প্রসাদ পরিচালিত তুম্বাড ২ প্রযোজনা করছে সোহম শাহ ফিল্মস এবং পেন স্টুডিওস। ছবিটি পরিবেশনা করবে পেন মারুধর। আলিয়া ভাট ও সোহম শাহ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।






