সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আপ্তসহায়ক, বিস্ফোরক বিবৃতি অভিনেত্রী শ্রাবন্তীর
কাজের অছিলায় নিজের বাড়িতে ডেকে সহকর্মীকে ধর্ষণ! হাওড়ায় মাঝরাতে গ্রেফতার শ্রাবন্তীর পিএ অর্ঘ্য!
Truth of Bengal: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম জড়িয়ে গেল এক চরম কেলেঙ্কারিতে! এবার অভিনেত্রীর অতি ঘনিষ্ঠ আপ্তসহায়ক বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে উঠল এক তরুণী সহকর্মীকে ধর্ষণের মারাত্মক অভিযোগ। সূত্রের খবর, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। এই খবর সিনেমা পাড়ায় রাষ্ট্র হতেই তীব্র অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী নিজে। একের পর এক প্রশ্নের মুখে পড়ে অবশেষে সোমবার দুপুরে এক জরুরি বিবৃতি জারি করে ওই আপ্তসহায়কের সঙ্গে সমস্ত পেশাগত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন শ্রাবন্তী।
নিজের বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে নেমে হাওড়া পুলিশের বড় সাফল্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। তিনি আদতে হাওড়ার ষষ্ঠীতলার বাসিন্দা এবং বিনোদন জগতের একটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সংস্থায় কাজ করার সূত্রেই এক তরুণী সহকর্মীর সঙ্গে তাঁর আলাপ হয়। অভিযোগকারিণী তরুণী পুলিশের কাছে জানিয়েছেন, গত ১২ এপ্রিল একটি অফিশিয়াল কাজের সূত্রে চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই একা থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ করেন অর্ঘ্য।
View this post on Instagram
এই ঘটনার পর চরম ট্রমার মধ্যে দিয়ে গিয়ে অবশেষে গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তার ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার অত্যন্ত কঠোর ও জামিন অযোগ্য ধারায় ধর্ষণের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। অবশেষে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থেকেই অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেফতার করা হয় এবং সোমবার তাঁকে হাওড়া আদালতে হাজির করা হয়েছে।
“আমি অত্যন্ত অস্বস্তিতে”, খবর শুনতেই তড়িঘড়ি কড়া পদক্ষেপ শ্রাবন্তীর!
এই ঘটনায় নিজের নাম জড়িয়ে যেতেই আর সময় নষ্ট করেননি টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, “অর্ঘ্য মুখোপাধ্যায় এযাবৎকাল আমার যাবতীয় কাজ ম্যানেজ করতেন। ২০২৪ সাল থেকে ‘তান্তেওয়ালা’ নামক কোম্পানি আমার পিআর ও কাজের দায়িত্ব সামলায়, সেই সংস্থার মাধ্যমেই ওর সঙ্গে আমার আলাপ ও পরিচয় হয়েছিল। কিন্তু সদ্য জানতে পারলাম, ওর বিরুদ্ধে একটি মারাত্মক ফৌজদারী মামলা রুজু হয়েছে। এই খবরটি আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর।”
অভিনেত্রী আরও স্পষ্ট করে দেন যে, অর্ঘ্যের ব্যক্তিগত জীবনের কোনও গতিবিধি বা অপরাধ সম্পর্কে তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না। তবে নারী সুরক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়ে শ্রাবন্তী সাফ জানিয়েছেন, “আমি তান্তেওয়ালা সংস্থাকে ইতিমধ্যেই লিখিতভাবে জানিয়ে দিয়েছি যে, এই ঘটনার পর ওই ব্যক্তির সঙ্গে আর কোনও প্রকার কাজ করা বা পেশাগত সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়।” অভিনেত্রীর এই কড়া পদক্ষেপের পর এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে সকলে।



