কলকাতা

কামারহাটিতে লকেটের ভাই পুরপ্রধান হতেই চরম ক্ষুব্ধ শমীক, তলব রিপোর্ট!

কামারহাটি নিয়ে দলের একাংশকে কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য

Truth of Bengal: কামারহাটি পুরসভা কি তবে বিজেপির দখলে? রাজ্যে সরকার বদলের পর থেকেই এই প্রশ্ন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চেয়ারম্যান পদ থেকে গোপাল সাহার ইস্তফার কয়েক দিনের মধ্যেই সেই পদে বসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। এরপর থেকেই প্রচার শুরু হয়, কামারহাটি পুরসভা নাকি বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। সেই জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।কামারহাটি নিয়ে দলের একাংশকে কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের ‘দখলদারি’র রাজনীতি বিজেপি কোনওভাবেই প্রশ্রয় দেবে না। শুধু তাই নয়, কামারহাটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করেছেন তিনি।

রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় ডামাডোল দেখা দিয়েছে। বহু জায়গায় তৃণমূলের ভিত নড়ে গিয়েছে। সেই আবহেই গত ১২ জুন কামারহাটি পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর—দুই পদ থেকেই ইস্তফা দেন গোপাল সাহা। এরপর ৮ নম্বর ওয়ার্ডের দীপাংশু ঘোষাল, ১৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বিশ্বাস এবং ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামল চক্রবর্তীও কাউন্সিলর পদ ছাড়েন। গোপাল সাহার ইস্তফার পর থেকেই চেয়ারম্যান পদে সুশান্ত চট্টোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা শুরু হয়। গত শুক্রবার তৃণমূল কাউন্সিলরদের সমর্থনেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন সুশান্ত চট্টোপাধ্যায়। বোর্ড বৈঠকে উপস্থিত ২৭ জন কাউন্সিলরের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর নাম চূড়ান্ত হয়। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়, কামারহাটি পুরসভা কার্যত বিজেপির দখলে চলে গেল। এই প্রচার নিয়েই সোমবার ক্ষোভ প্রকাশ করেন শমীক ভট্টাচার্য।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, “যে কেউ আসবে, নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন, আর দল চুপ করে মেনে নেবে? এটা হতে দেওয়া যাবে না।” কামারহাটির ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, কামারহাটি নিয়ে যে ধরনের প্রচার চলছে, তা দল বরদাস্ত করবে না।

Related Articles