কলকাতারাজ্যের খবর

ডবল ইঞ্জিনে বঙ্গে বিস্মৃত শ্যামাপ্রসাদ স্বমহিমায়

সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী

Truth of Bengal: ৬ জুলাই—জাতীয়তাবাদ, আত্মত্যাগ এবং নিঃস্বার্থ দেশসেবার ইতিহাসে এক স্মরণীয় দিন। আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র হিসেবে তাঁর সামনে ছিল আরামদায়ক ও প্রতিষ্ঠিত জীবনের পথ। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেছে নিয়েছিলেন সংগ্রাম, ত্যাগ এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করার পথ। ব্যক্তিগত জীবনের গভীর শোকও তাঁকে থামাতে পারেনি। তাঁর বিশ্বাস ছিল, ভারতের অখণ্ডতা কোনওভাবেই আপসের বিষয় হতে পারে না।

A life devoted to India's unity and progress - Opinion News | The Financial Express

সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। এরপর বিজেপির সদর দফতরেও যান মুখ্যমন্ত্রী। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

আজ রাজ্যজুড়ে বিজেপি ও সরকারের একাধিক কর্মসূচি রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস করলেন তিনি। এরপর অমিত শাহ ভবানীপুরে প্রয়াত নেতার পৈতৃক ভিটেতে গেলেন। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি পৌঁছলেন সায়েন্স সিটির পাশে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে। সেখানে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির ঘোষিত তিনটি কর্মসূচিতেই অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা, মন্ত্রী ও সাংসদের। বিধানসভাতেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

শুধু কলকাতা নয়, জেলায় জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। বীরভূমে জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির এসপি মোড়ে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচির মাধ্যমে দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সিধু-কানু মঞ্চে গিয়ে শেষ হয়। দেশাত্মবোধক গান, ব্যানার, প্ল্যাকার্ড এবং সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রাকে বিশেষ মাত্রা দেয়।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা ও মাল্যদান কর্মসূচির আয়োজন করে বিজেপি। ‘এক দেশ, এক বিধান’ স্লোগানকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শহরজুড়ে পদযাত্রা হয়। সোমবার সকালে বিজেপির জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে থানা মোড়ে পৌঁছয়। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।

 

 

Related Articles