বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, “দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে”
ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার পিছনে পরিকল্পিত ‘ষড়যন্ত্র’ রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি
Truth of Bengal: বারুইপুর-কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঘন্য এই অপরাধে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার পিছনে পরিকল্পিত ‘ষড়যন্ত্র’ রয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি।
সোমবার মিত্র ইনস্টিটিউশনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বারুইপুরের ঘটনা নিয়ে মুখ খোলেন। মুখ্যমন্ত্রী জানান, নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর কথায়, “আমি কালই ওর বাবার সঙ্গে কথা বলেছি। জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছে এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছে, তা পাবেন। আমার ওপর আস্থা রেখেছেন।” শুভেন্দু অধিকারী জানান, বারুইপুর-কাণ্ডে মোট চারটি মামলা রুজু হয়েছে। জঘন্য অপরাধের মূল মামলার পাশাপাশি আরও তিনটি মামলা দায়ের হয়েছে। তবে এর মধ্যে মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনার পিছনে সুনির্দিষ্ট কমিউনাল অ্যাঙ্গেল ছিল বলেও বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে চান না বলে স্পষ্ট করে দেন তিনি।
প্রতিবাদের নামে রেললাইনে তাণ্ডবের ঘটনাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যেভাবে রেললাইন উপড়ে ফেলা হয়েছে, তা অতীতের কয়েকটি ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। শুভেন্দু বলেন, “রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ-বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল-বিরোধী হিংসাত্মক আন্দোলনের ইতিহাস মনে পড়ছে। হামলায় সিআরপিএফের দু’জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।” সামশেরগঞ্জ ও বেলডাঙার ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বারুইপুরেও একই ধরনের অশান্তির ছাপ রয়েছে। গোটা ঘটনাই সরকারের নজরে রয়েছে বলে জানান তিনি। অপরাধীদের পাশাপাশি অশান্তির নেপথ্যে যারা রয়েছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। এদিন নাম না করে বিরোধীদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, হিংসাত্মক ঘটনায় যারা যুক্ত, তারা আসলে “অতৃপ্ত আত্মা”। ভোটে হেরে যারা এতদিন ঘরে ঢুকে গিয়েছিল, সেই তিন প্রধান শক্তিই মিলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, এই অশান্তির সঙ্গে যুক্তদেরও ফল ভুগতে হবে।






