বিশ্বমঞ্চে মোদি ম্যাজিক অক্ষুণ্ণ! এবার সেশেলসের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি
রবিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় সেদেশের অন্যতম শীর্ষ সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’।
Truth of Bengal: আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যেন এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। একের পর এক রাষ্ট্র তাঁকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসের নাম। শনিবার সেশেলসে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। এরপর রবিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় সেদেশের অন্যতম শীর্ষ সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’। এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে সেশেলসের জনগণ ও সেদেশের সরকারসহ প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বিগত ১২ বছর ধরে প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকা নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান লাভ যেন এক প্রকার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বমঞ্চে রাষ্ট্রপ্রধান হিসেবে বিভিন্ন দেশ সফরকালে তিনি বারবার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন। এই জয়যাত্রার শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। এরপর ২০১৮ সালে তিনি পান ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ এবং একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান প্রদান করা হয় তাঁকে। এখানেই শেষ নয়, রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ এবং গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’ সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে। এমনকি বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
চলতি বছরেও আন্তর্জাতিক মঞ্চে মোদির এই সম্মানপ্রাপ্তি অব্যাহত রয়েছে। সেশেলসের আগে চলতি বছরেই তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’, সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ এবং অতি সম্প্রতি স্লোভাকিয়ার ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ সম্মান লাভ করেছেন। সেশেলসের এই পুরস্কারসহ এ যাবৎ মোট ৩৪টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী।
এই সম্মান পাওয়ার পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান পেয়ে তিনি অত্যন্ত অভিভূত। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বব্যাপী কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে যে সমস্ত দেশ প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে সুরক্ষিত রাখাকে নিজেদের দায়িত্ব মনে করছে, তাঁদের উদ্দেশ্যেই বিনম্র চিত্তে এই সম্মান উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বার্তা দেন, পৃথিবীকে আরও সবুজ ও টেকসই করে তুলতে ভারত তার অভ্যন্তরীণ নীতি, ‘মিশন লাইফ’ (Mission LiFE) এবং আন্তর্জাতিক সৌর জোটের (International Solar Alliance) মতো বৈশ্বিক প্রচেষ্টার মাধ্যমে সবরকম পদক্ষেপ করতে সর্বদা প্রস্তুত।






