খেলা

কোরিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকির পুল শীর্ষে ভারতের জুনিয়র মহিলা দল

মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত ম্যাচের শুরু থেকেই কোরিয়ার ওপর চাপ তৈরি করে।

Truth of Bengal: অনূর্ধ্ব-১৮ মহিলা এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। কাকামিগাহারায় অনুষ্ঠিত পুল ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত। নৌশিন নাজ, শ্রুতি কুমারী এবং কিরণ এক্কার গোলে নিশ্চিত হয় এই গুরুত্বপূর্ণ সাফল্য।

মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত ম্যাচের শুরু থেকেই কোরিয়ার ওপর চাপ তৈরি করে। প্রথম কোয়ার্টারে পাওয়া একটি পেনাল্টি স্ট্রোক থেকে চতুর্থ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন নৌশিন নাজ। দ্বিতীয় কোয়ার্টারেও আধিপত্য বজায় রাখে ভারত। ২১তম মিনিটে শ্রুতি কুমারী ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন।

বিরতির পর কোরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪১তম মিনিটে গিয়ংমিন রিউ গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করলেও ভারতের জবাব আসে দ্রুত। ৪৩তম মিনিটে একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন কিরণ এক্কা। তাঁর গোলেই ভারতের লিড আবার দুই গোলে পৌঁছে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও নির্বাচিত হন কিরণ।

শেষ কোয়ার্টারে কোরিয়াকে আর কোনও সুযোগ দেয়নি ভারতের রক্ষণভাগ। ম্যাচে ভারত চারটি পেনাল্টি কর্নার ও একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে, অন্যদিকে কোরিয়ার ঝুলিতে ছিল দুটি পেনাল্টি কর্নার।

দুই ম্যাচে টানা দুই জয়ে ভারতের সংগ্রহ এখন ছয় পয়েন্ট। ফলে পুল ‘এ’-এর শীর্ষস্থান দখল করেছে ভারতীয় দল। আগামী ২ জুন শেষ পুল ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। অপরাজিত থেকে পরবর্তী পর্বে যাওয়াই এখন দলের লক্ষ্য।

Related Articles