কলকাতারাজ্যের খবর

রবিবারের পর থেকেই ফের চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ দেখা গিয়েছে

Truth of Bengal: মে মাসের শেষ ক’দিন কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গবাসী তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও, জুনের শুরুতেই ফের ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, রবিবারের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ফলে সোমবার অর্থাৎ জুন মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে আবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া মাথাচারা দেবে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ দেখা গিয়েছে। বেলার দিকে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলেও, শহরে ভারী বা মাঝারি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি গরম কমানোর ক্ষেত্রে খুব একটা সাহায্য করবে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে উত্তরবাসীর জন্য স্বস্তির খবর হলো, আগামী মঙ্গলবার থেকেই সেখানে আবার নতুন করে বৃষ্টির দাপট শুরু হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা— বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Related Articles