মেসি ভক্তদের জন্য স্বস্তির খবর! ফিলাডেলফিয়া ম্যাচে চোটের পর ইন্টার মায়ামি জানাল আসল সত্য
মাঠে ফেরার সময় নির্ভর করবে তাঁর শারীরিক ও ক্লিনিক্যাল অবস্থার উন্নতির ওপর
Truth of Bengal: ফিলাডেলফিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে মাঠ ছাড়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছিল ফুটবল দুনিয়ায়। ম্যাচের ৭৩ মিনিটে অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি। আর তাতেই বিশ্বকাপের আগে চিন্তায় পড়ে যান আর্জেন্টিনার সমর্থকেরা। তবে সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিল ইন্টার মায়ামির সর্বশেষ আপডেট। ক্লাবের তরফে মেডিক্যাল পরীক্ষার পর জানানো হয়েছে, মেসির বাম হ্যামস্ট্রিংয়ের পেশিতে অতিরিক্ত চাপ এবং ক্লান্তিজনিত সমস্যার কারণেই এই অস্বস্তি তৈরি হয়েছে। আপাতত গুরুতর চোটের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। মাঠে ফেরার সময় নির্ভর করবে তাঁর শারীরিক ও ক্লিনিক্যাল অবস্থার উন্নতির ওপর।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসির সমস্যার পেছনে গুরুতর চোট নেই বলেই প্রাথমিক ধারণা। এমনকি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও আশাবাদী, আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। এমএলএসে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচে এনইউ স্টেডিয়ামে খেলার সময় প্রায় ৭০ মিনিটের মাথায় একটি ফ্রি-কিক নেওয়ার পর বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায় মেসিকে। কিছুক্ষণ পর নিজেই বদলির আবেদন করেন। তাঁর জায়গায় মাঠে নামেন মাতেও সিলভেত্তি। যদিও মাঠ ছাড়ার সময় বা ড্রেসিংরুমে যাওয়ার পথে কোনও অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি তাঁর।
মেসি মাঠ ছাড়ার সময় ম্যাচের ফল ছিল ৪-৪। কিন্তু তার পরও থামেনি ইন্টার মায়ামি। আরও দুই গোল করে ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় দল। এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে বিরতিতে গেল মায়ামি। ম্যাচ শেষে কোচ গিলের্মো হয়োসও আশ্বস্ত করে বলেন, তখনও পূর্ণ মেডিক্যাল রিপোর্ট হাতে না এলেও তাঁর ধারণা ছিল, অতিরিক্ত ক্লান্তি ও ভারী মাঠের প্রভাবেই এই সমস্যা হয়েছে। সন্দেহ থাকলে ঝুঁকি নেওয়ার কোনও মানে নেই বলেও মন্তব্য করেন তিনি। এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৬ জুন, জে গ্রুপে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে।






