রাজ্যের খবর

কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম-ফিলাপ? দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মেয়েদের ফ্রি বাস সফর থেকে ৫ টাকায় মাছ-ভাত! রাজ্যবাসীর জন্য বাম্পার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Truth of Bengal: ছাব্বিশের মসনদ বদলের পর বাংলার মা-বোনেদের জন্য সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত ঘোষণাটি সেরে ফেললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীর হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়েই তিনি জানিয়ে দিলেন, মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি মতো ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটিকে এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ রূপান্তরিত করা হচ্ছে। যেখানে উপভোক্তা মহিলারা প্রতি মাসে সরাসরি ৩০০০ টাকা করে পাবেন। আগামীকাল, বুধবারই নবান্ন থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই। একই সঙ্গে শুভেন্দু আশ্বস্ত করেছেন, “যতদিন না পর্যন্ত কোনও মহিলার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চালু হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁরা পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেতে থাকবেন। কোনও পরিষেবা বন্ধ হবে না।”

কাল থেকেই অনলাইনে ও অফলাইনে ফর্ম, বাড়ি বাড়ি যাবে সরকারি লোক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, বুধবার নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই বিশেষ ফর্মটি লঞ্চ করা হবে। ফর্মটি একই সঙ্গে অনলাইন এবং অফলাইন, দুটি মাধ্যমেই পাওয়া যাবে। তবে সাধারণ উপভোক্তাদের ফর্ম পূরণের জন্য কোনও ঝক্কি পোহাতে হবে না। মুখ্যমন্ত্রী জানান, “আমরা পুরো বিষয়টি আমজনতার ওপর ছেড়ে দেব না। সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়কেরা নিজেদের উদ্যোগে ক্যাম্প করে ফর্ম ফিলআপ করাবেন। শুধু তাই নয়, সরকারের তরফে বিডিও (BDO)-দের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হচ্ছে, যারা সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবে।”

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি কড়া শর্তের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মাথায় রাখবেন, এই প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ কেবল ভারতীয় নাগরিকরাই পাবেন। ভারতের করদাতাদের টাকা বাংলাদেশ থেকে আসা কোনও অনুপ্রবেশকারীদের পকেটে যাবে না।”

মহিলাদের জন্য নিখরচায় বাস সফর, মা ক্যান্টিনে মাছ-ভাত!

অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিন বাংলার মহিলাদের জন্য আরও এক দুর্দান্ত উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পূর্বতন তৃণমূল সরকারের দুর্নীতি ও বেনিয়মের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “গত সরকারের আমলে তৃণমূলের নেতা-নেত্রীদের ঘরের লোকেরাই শুধু সরকারি সুবিধে পেত। আমাদের সরকার তেমনটা করবে না। তবে কেউ যাতে পোশাক বদলে বা মুখ ঢেকে সরকারি বাসের ফ্রি সুবিধার অপব্যবহার করতে না পারে, তার জন্য আমরা দ্রুত একটি করে বিশেষ ‘স্মার্ট কার্ড’ দেওয়ার ব্যবস্থা করব। কন্ডাক্টররা যাতে সহজেই প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করতে পারেন।”

এখানেই শেষ নয়, পূর্বতন সরকারের চালু করা ‘মা ক্যান্টিন’ নিয়েও বড়সড় ও সুস্বাদু রদবদল ঘটিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবার থেকে মা ক্যান্টিনে সপ্তাহে অন্তত দু’দিন মাত্র ৫ টাকায় সাধারণ মানুষকে পেট পুরে ‘মাছ-ভাত’ খাওয়ানো হবে। ছাব্বিশের পালাবদলের পর কল্যাণীর মাটি থেকে মুখ্যমন্ত্রীর এই মেগা জনকল্যাণমুখী ঘোষণাগুলি যে বাংলার ঘরে ঘরে খুশির হাওয়া বয়ে আনবে, তা বলাই বাহুল্য।

Related Articles