ফুলিয়ায় রেশন চাল পাচারের অভিযোগ, আটক ২
এরপর স্থানীয়রা গোডাউনে গিয়ে দেখেন, সরকারি স্টিকার লাগানো শতাধিক খালি বস্তা পড়ে রয়েছে এবং সেই বস্তার চাল স্টিকারবিহীন অন্য বস্তায় ভরা হচ্ছে।
Truth of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: সরকারি রেশনের চাল পাচারের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকায়। অভিযোগ, সরকারি স্টিকার লাগানো চালের বস্তা থেকে চাল বের করে নকল বস্তায় ভরে পাচারের চেষ্টা চলছিল। ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়ার একটি গোডাউনে লরিভর্তি বিপুল পরিমাণ চাল মজুত করা হচ্ছিল। এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়, একটি লরিতে করে প্রায় ৬০০ বস্তা চাল বাইরে পাঠানোর প্রস্তুতি চলছে। এরপর স্থানীয়রা গোডাউনে গিয়ে দেখেন, সরকারি স্টিকার লাগানো শতাধিক খালি বস্তা পড়ে রয়েছে এবং সেই বস্তার চাল স্টিকারবিহীন অন্য বস্তায় ভরা হচ্ছে। অভিযোগ, এভাবেই চাল বীরভূমে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা গোডাউন ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে যান খাদ্য দপ্তর ও সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রতিনিধিরাও। গোডাউনের পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে কোনও অনিয়মের প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির এসসি মোর্চার সভাপতি অংকন সরকার দাবি করেন, ‘সরকারি রেশনের চাল পাচারের বড় চক্র কাজ করছে। এলাকাবাসীর তৎপরতায় পাচারের আগেই বিষয়টি সামনে এসেছে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।’ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






