অবৈধ নির্মাণ হলেই চলবে বুলডোজার, পোস্টার হাতে রাস্তায় নামলেন বিধায়ক
রাজ্যে পালাবদলের পর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা চোখে পড়েছে।
Truth of Bengal: সৌগত রায়, হুগলি: অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিলেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। শনিবার বৈদ্যবাটি চৌমাথায় পোস্টার হাতে রাস্তায় নেমে অবৈধ নির্মাণকারীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। পোস্টারে লেখা ছিল— ‘অবৈধ নির্মাণ হলেই বুলডোজার চলবে’, সঙ্গে ছিল বুলডোজারের ছবি। পথচলতি সাধারণ মানুষের হাতেও সেই পোস্টার তুলে দেন বিধায়ক।
রাজ্যে পালাবদলের পর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা চোখে পড়েছে। এরই মধ্যে আগের দিন বৈদ্যবাটি পুরসভায় দাঁড়িয়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ সিং। তার পরের দিনই রাস্তায় নেমে সরাসরি প্রচারে অংশ নিতে দেখা গেল তাঁকে। বিধায়কের দাবি, তাঁর দফতরে প্রতিদিন একাধিক অভিযোগ জমা পড়ছে। কোথাও পুকুর ভরাট করে নির্মাণ, কোথাও অন্যের জমি দখল, আবার কোথাও সরকারি রাস্তার উপর বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ গাদা গাদা চিঠি দিয়ে যাচ্ছেন আমার অফিসে। যারা অবৈধভাবে নির্মাণ করেছেন, তাঁরা ধরা পড়লেই বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙা হবে। পুকুর ভরাট করে বাড়ি তৈরি করা হয়ে থাকলে সেই বাড়ি ভাঙার পাশাপাশি ফের পুকুর খননও করা হবে।’
এদিন আরও কড়া ভাষায় তিনি বলেন, ‘আমি কাউকে ছাড়ব না। আমার পয়সা-কড়ি লাগবে না, আমার ফ্ল্যাটও লাগবে না। আমার ঠাকুরদাদা আমাকে অনেক দিয়ে গেছেন। মানুষের স্বার্থে এবং মোদিজির নেতৃত্বে আমি সৎ পথে কাজ করব। যত বেআইনি কাজ হয়েছে, সবকিছুর তদন্ত হবে।’ চাপদানির বিধায়কের এই মন্তব্য ও পোস্টার হাতে রাস্তায় নামাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।






