রাজ্যের খবর

৫ বছরে এক টাকাও বেতন বাড়েনি, উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের

রাস্তায় শুয়ে পড়লেন ক্ষুব্ধ কর্মীরা, বন্ধ সমস্ত পরিষেবা!

Truth of Bengal: রাজ্যে ক্ষমতার রাজদণ্ড হাতবদল হতেই যেন রাজ্যের একাধিক পুরসভার অন্দরে লুকিয়ে থাকা একের পর এক বিস্ফোরক দুর্নীতি ও বেনিয়ম প্রকাশ্যে আসতে শুরু করেছে। বালি, কয়লা বা চাকরি কেলেঙ্কারির পর এবার পুরসভার অস্থায়ী কর্মীদের পেটে লাথি মারার মারাত্মক অভিযোগ উঠল উত্তর দমদম পুরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে পুরসভা খোলার মুহূর্তেই ঝাঁটা, বালতি ও ব্যানার নিয়ে গেটের সামনে জড়ো হন সাফাইকর্মী থেকে শুরু করে জল সরবরাহ বিভাগের সমস্ত অস্থায়ী কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা পুরসভার প্রধান প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষুব্ধ কর্মীদের স্পষ্ট অভিযোগ, বিগত কয়েক বছর ধরে তাঁদের কোনও নির্দিষ্ট দিনে বেতন দেওয়া হয় না। মাসের ৩০ দিনের মধ্যে যেকোনও একদিন খেয়ালখুশি মতো টাকা অ্যাকাউন্ট বা হাতে গোঁজা হয়। কখনও আবার টানা দু’মাস হাড়ভাঙা খাটুনি খাটিয়ে মাত্র একমাসের বেতন দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। সবচেয়ে মারাত্মক বিষয় হল, গত ৫ বছর ধরে এই অগ্নিমূল্যের বাজারেও তাদের একটি টাকাও মাইনে বাড়ানো হয়নি।

ডেপুটেশন দিয়েও মেলেনি সদুত্তর, চেয়ারম্যান নীরব

আন্দোলনকারীরা জানিয়েছেন, বেতন বৃদ্ধি এবং প্রতি মাসের ১ তারিখে বেতন সুনিশ্চিত করার দাবিতে তাঁরা বেশ কিছুদিন আগে পুর কর্তৃপক্ষের কাছে লিখিত ডেপুটেশন জমা দিয়েছিলেন। কিন্তু নবান্নের নতুন সরকারের শাসন সত্ত্বেও স্থানীয় পুর প্রশাসকদের কানে জল যায়নি। কোনও সুরাহা না মেলাতেই বাধ্য হয়ে এদিন পুরসভার কাজ স্তব্ধ করে রাজপথে নামেন তাঁরা। এই মেগা বিক্ষোভের জেরে এদিন পুর এলাকায় আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে শংসাপত্র নেওয়ার মতো সমস্ত জরুরি নাগরিক পরিষেবা পুরোপুরি লাটে ওঠে।

যদিও এই চরম অরাজকতা ও অচলাবস্থা নিয়ে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের তরফ থেকে সংবাদমাধ্যমের কাছে কোনো স্পষ্ট সদুত্তর বা আশ্বাস মেলেনি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের বেশিরভাগ পুরসভাই এখনও তৃণমূলের দখলে থাকলেও, ক্ষমতার পালাবদলের পর আর্থিক বেনিয়মের দায়ে ইতিমধ্যেই বহু কাউন্সিলর ও পুরনেতা পুলিশের জালে জড়িয়েছেন। এবার খোদ তৃণমূল চালিত পুরসভার ভেতরের এই আর্থিক কেলেঙ্কারি ও কর্মী অসন্তোষকে হাতিয়ার করে আসরে নামতে চলেছে নতুন শাসক দল।