রাজ্যে ওবিসি সংরক্ষণ ১৭ থেকে কমে ৭ শতাংশ, প্রকাশ সরকারি বিজ্ঞপ্তি
২০১০ পূর্ববর্তী তালিকায় এই ৬৬ টি শ্রেণী বা সম্প্রদায় রাজ্য তালিকায় ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত ছিল
Truth of Bengal: সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণে নয়া সিদ্ধান্ত। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে করা হলো ৭ শতাংশ। রাজ্য অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ২২ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী রাজ্য তালিকার ওবিসি তালিকায় যে ৬৬ টি শ্রেণী বা সম্প্রদায়কে সুনির্দিষ্ট করা হয়েছে তাদেরকেই ওবিসি সংরক্ষণের এই নতুন সরকারি বিজ্ঞপ্তিতে স্থান দেওয়া হয়েছে। ২০১০ পূর্ববর্তী তালিকায় এই ৬৬ টি শ্রেণী বা সম্প্রদায় রাজ্য তালিকায় ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত ছিল।

২০১১ পরবর্তীতে ওবিসি এ এবং ওবিসি বি দুটি ক্যাটাগরিতে ভাগ করে রাজ্যে সরকারি চাকরিতে মোট ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে ১০ শতাংশ সংরক্ষণ ওবিসি এ ক্যাটাগরির জন্য এবং ৭% সংরক্ষণ ছিল ওবিসি বি ক্যাটেগরির জন্য। যদিও তৃণমূল জমানায় তৈরি হওয়া ওই ওবিসি তালিকার সমীক্ষা পদ্ধতি, বৈধতা ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন ওঠে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ পরবর্তী ওবিসি তালিকাকে মান্যতা দেয়নি। ফলে দুটি ক্যাটেগরিতে ভাগ করে ওবিসি সংরক্ষণ কে সাত থেকে ১৭ শতাংশ করার বৈধতা নিয়েও প্রশ্নচিহ্ন ওঠে। পূর্ববর্তী সরকার এনিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঁচেই ফেরত পাঠিয়ে দেয়।
নতুন বিজেপি সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী হাইকোর্ট যে ৭% সংরক্ষণকে নির্দিষ্ট করে ৬৬ টি শ্রেণী বা সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণের জন্য নির্দিষ্ট করেছে তাকেই মান্যতা দিয়েছে রাজ্য অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তর। সরকারি চাকরিতে ৬৬টি ওবিসি তালিকাভুক্ত শ্রেণী বা সম্প্রদায়ের জন্য ৭ শতাংশ সংরক্ষণ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। অর্থাৎ ২০১১ পরবর্তীতে সরকারি চাকরির ক্ষেত্রে রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি দুটি তালিকা মিলিয়ে মোট ১৭ শতাংশ যে সংরক্ষণ ছিল তা কমিয়ে বিজেপি সরকারের আমল থেকে ৭% সংরক্ষণ করা হলো।






