দেশ

পেট্রোল-ডিজেলের দাম বাড়তেই পথে নামছেন গিগ কর্মীরা, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

সংগঠনের দাবি, বর্তমান পারিশ্রমিকে কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

Truth of Bengal: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরব হলেন গিগ ও অ্যাপ-ভিত্তিক কর্মীরা। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পর থেকেই অসন্তোষ তীব্র হয়েছে ডেলিভারি কর্মী, ক্যাবচালক এবং বিভিন্ন অ্যাপ পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিকদের মধ্যে। এই পরিস্থিতিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে গিগ ও প্ল্যাটফর্ম পরিষেবা কর্মী ইউনিয়ন।

সংগঠনের দাবি, বর্তমান পারিশ্রমিকে কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই প্রতি কিলোমিটারে অন্তত ২০ টাকা পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশজুড়ে অ্যাপ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিয়নের বক্তব্য, দীর্ঘ প্রায় চার বছর পর জ্বালানির দামে বড় বৃদ্ধি হয়েছে। লিটারপিছু প্রায় ৩ টাকা দাম বাড়ার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেই কর্মীরাই, যাদের প্রতিদিন বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় নেমে কাজ করতে হয়। খাবার সরবরাহ, ক্যাব পরিষেবা এবং লজিস্টিকস খাতে কর্মরত লক্ষ লক্ষ মানুষ এখন আর্থিক চাপে জর্জরিত।

সংগঠনের দাবি, দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মী রয়েছেন, যাদের বড় অংশই প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল। জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় তাদের হাতে থাকা প্রকৃত আয় আরও কমে যাচ্ছে। ফলে সংসার চালানো থেকে শুরু করে ঋণ শোধ— সবকিছুই কঠিন হয়ে উঠছে।

ইউনিয়নের সভাপতি সীমা সিংয়ের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব সরাসরি এসে পড়েছে সাধারণ কর্মীদের জীবনে। তিনি বলেন, অ্যাপ সংস্থাগুলি বিপুল মুনাফা করলেও কর্মীদের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছে না।

সীমা সিং আরও বলেন, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইক চালিয়ে কাজ করতে হয় ডেলিভারি কর্মীদের। বৃষ্টি, দূষণ কিংবা দুর্ঘটনার ঝুঁকি নিয়েও তাদের কাজ চালিয়ে যেতে হয়। অথচ জ্বালানির বাড়তি খরচের কোনও সুরাহা নেই। ইউনিয়নের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে বহু কর্মী এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই সরকার ও অ্যাপ সংস্থাগুলির কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি।

Related Articles