শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তির শিকার যাত্রীরা
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক যাত্রীকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে গন্তব্যের দিকে হাঁটতে দেখা যায়।
Truth of Bengal: বুধবার সকালে ব্যস্ত সময়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। দিনের শুরুতেই দমদম স্টেশনে ঢোকার মুখে একের পর এক শিয়ালদহগামী লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। ফলে গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝপথেই সমস্যায় পড়েন শয়ে শয়ে মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক যাত্রীকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে গন্তব্যের দিকে হাঁটতে দেখা যায়।
রেল সূত্রে খবর, এদিন সকালে বারাসত লোকাল-সহ একাধিক ডাউন ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি। সকাল ৮টা ৫০ মিনিটে যে বারাসত লোকালটির দমদম স্টেশনে ঢোকার কথা ছিল, সেটি মাঝপথেই প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে। একই পরিস্থিতি তৈরি হয় বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালের ক্ষেত্রেও। ট্রেনটিকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগেই দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় ৪০ মিনিট দেরিতে ট্রেনগুলি দমদম স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।
ট্রেন চলাচলের এই বিঘ্নের কারণ নিয়ে যাত্রীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশ যাত্রীর অভিযোগ, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও রেলের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি। তবে অন্য একটি মহলের দাবি, স্টেশনের মাইকে পয়েন্টে গোলযোগের কারণে এই বিপত্তি বলে জানানো হয়েছে। ডাউন লাইনে ট্রেনের এই শ্লথ গতির প্রভাব পড়েছে আপ লাইনেও। শিয়ালদহ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি আপ লোকালও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে বলে জানা গিয়েছে।






