দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন এনএস রাজা সুব্রমণি, ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সিডিএস-এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবেও কাজ করবেন।
Bangla Jago Desk: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল। দেশের নতুন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ করা হল লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশের সিডিএস পদে রয়েছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সিডিএস-এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবেও কাজ করবেন।
একই সঙ্গে দেশের নতুন নৌসেনা প্রধানও নিয়োগ করেছে কেন্দ্র। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌসেনার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে নৌসেনা প্রধান পদে রয়েছেন ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠী। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে প্রশিক্ষণ নেন। এরপর ১৯৮৫ সালে তিনি গঢ়বাল রাইফেল্স-এ যোগ দেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তাঁকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন তিনি।
৩৫ বছরের দীর্ঘ সামরিক জীবনে তিনি দেশের বিভিন্ন সংঘাতপ্রবণ ও সংবেদনশীল এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজাখাস্তানে ভারতীয় দূতাবাসেও একসময় দায়িত্বে ছিলেন সুব্রমণি। সামরিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মানও পেয়েছেন তিনি। ২০২৩ সালে তিনি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ (জিওসি-ইন-সি) হিসেবে নিযুক্ত হন। পরের বছর তিনি দেশের ৪৭তম ভাইস সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সক্রিয় সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন। এবার তাঁকেই দেশের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল। পরবর্তী নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বর্তমানে মুম্বইয়ে পশ্চিম নেভাল কমান্ডের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি নৌসেনার উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নৌসেনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন স্বামীনাথন একাধিক যুদ্ধজাহাজ ও রণতরীর কমান্ডার ছিলেন। তাঁর নেতৃত্বে ছিল ক্ষেপণাস্ত্রবাহী রণতরী আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ, ক্ষেপণাস্ত্রবাহী করভেট আইএনএস কুলিশ, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস মহীশূর এবং বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুই শীর্ষ নিয়োগকে দেশের সামরিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সেনা ও নৌবাহিনীর নেতৃত্বে নতুন মুখ আসায় প্রতিরক্ষা কৌশলে নতুন দিশা মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






