কালবৈশাখীর মেঘ মাথায় নিয়েই সাজছে বিগ্রেড, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে
Truth of Bengal: বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে তুঙ্গে প্রস্তুতি। রাজনৈতিক পালাবদলের আবহে শহরের অন্যতম হাই-ভোল্টেজ এই অনুষ্ঠানের দিকে নজর গোটা রাজ্যের। তবে শেষ মুহূর্তে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে খোলা আকাশের নিচে আয়োজিত ব্রিগেডের এই বিশাল অনুষ্ঠানে আবহাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
গত কয়েকদিন ধরেই শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, দুপুরের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বিশাল মঞ্চ, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিতেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
এদিকে, মে মাসের মাঝামাঝি সময়েও অকালবৃষ্টির জেরে কলকাতায় গরমের তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। বরং শহরে এখন মনোরম আবহাওয়া অনুভূত হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম। একইভাবে রাতের তাপমাত্রাও নেমে দাঁড়ায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে বিস্তৃত অক্ষরেখার সঙ্গে যুক্ত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে। আর সেই কারণেই কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।






