ভোটের প্রচার শেষে এবার ফুটবলার মোদি! গ্যাংটকের পাহাড়ে কিশোরদের সঙ্গে ‘গোল’ দিলেন প্রধানমন্ত্রী
সিকিমে গিয়ে অন্য মেজাজ! কচি-কাঁচাদের সঙ্গে ফুটবল খেললেন মোদি
Truth of Bengal: বিশ্রাম নয়, ভোটের মাঠ থেকে সোজাসুজি খেলার মাঠে! বাংলা জয়ের শেষ মুহূর্তের লড়াই শেষে এবার সিকিমে এক অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে গ্যাংটকের পাহাড়ি পরিবেশে ছোটদের সঙ্গে সকার বুট পায়ে ফুটবল খেলতে দেখা গেল তাঁকে। বাংলার হাইভোল্টেজ প্রচার পর্ব চুকিয়ে প্রধানমন্ত্রীর এই ‘ফুটবলার’ অবতার দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে।
সিকিমের ৫০তম রাজ্য দিবস বা স্টেটহুড ডে (Statehood Day)-র সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই গ্যাংটক পৌঁছেছিলেন মোদি। মঙ্গলবার সকালে মনোরম আবহাওয়ায় স্থানীয় একদল কিশোরের সঙ্গে রীতিমতো ফুটবল ম্যাচ খেললেন তিনি। পরনে ছিল ফুটবল গিয়ার। খেলার সেই মুহূর্তের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “সিকিমের আমার এই ছোট বন্ধুদের সঙ্গে গ্যাংটকের এক সুন্দর সকালে ফুটবল খেলার মজাই আলাদা! এই কচিকাঁচাদের সঙ্গে ফুটবল সেশন সত্যিই আমাকে নতুন শক্তি জোগাল।”
Nothing like playing some football with my young friends in Sikkim on a lovely Gangtok morning! ⚽️ pic.twitter.com/5xEceWBH1f
— Narendra Modi (@narendramodi) April 28, 2026
উল্লেখ্য, রবিবারই পশ্চিমবঙ্গে প্রচারের ঝোড়ো ইনিংস শেষ করেছেন মোদি। তারপর সিকিমে গিয়ে শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকেননি তিনি। গ্যাংটকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা পদ্ম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং গুণীজনদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রীর এই হালকা মেজাজের ছবি আদতে তাঁর সুস্বাস্থ্যের এবং আত্মবিশ্বাসেরই বার্তা দিচ্ছে।






