এক রাউন্ড বাকি থাকতেই বাজিমাত! ক্যান্ডিডেটস দাবার মুকুট জিতলেন উজবেকের তরুণ তুর্কি
ঠান্ডা মাথার ধারাবাহিকতাই তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।
Truth of Bengal: টুর্নামেন্ট শেষ হতে এখনও এক রাউন্ড বাকি, কিন্তু আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেললেন উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্দারভ। ত্রয়োদশ রাউন্ডে অনীশ গিরির সঙ্গে ড্র করেই তিনি নিশ্চিত করেন এবারের ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতার খেতাব। শেষ রাউন্ড এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ। সামনে এখন সবচেয়ে বড় মঞ্চ— বিশ্ব চ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের বিরুদ্ধে লড়াই। পুরো টুর্নামেন্টজুড়ে সিন্দারভ একটিও ম্যাচ হারেননি। শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম স্থির ও নিয়ন্ত্রিত খেলা খেলেছেন তিনি। মাঝের গুরুত্বপূর্ণ রাউন্ডগুলিতে জয় তুলে নিয়ে এগিয়ে যান, আর শেষ দিকে এসে ঝুঁকি না নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন। এই ঠান্ডা মাথার ধারাবাহিকতাই তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।
এই জয়ের ফলে এবার ইতিহাস লেখার সুযোগ সিন্দারভের সামনে। কারণ সামনে দাঁড়িয়ে আছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশ, যিনি ২০২৪ সালে দিং লিরেনকে হারিয়ে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন হন। এবার তাঁর চ্যালেঞ্জারও তরুণ প্রজন্মের প্রতিনিধি। ফলে আসন্ন খেতাবী লড়াইকে ঘিরে তৈরি হয়েছে এক অনন্য আবহ— যেখানে দুই প্রতিভার লড়াই দেখতে পাবে বিশ্ব। দু’জনের সাম্প্রতিক মুখোমুখি লড়াইও ইঙ্গিত দিচ্ছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার। চলতি বছরে টাটা স্টিল প্রতিযোগিতায় গুকেশ সিন্দারভের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি, ম্যাচ ড্র হয়েছিল। তাই আসন্ন লড়াই যে একেবারে সমানে সমান হবে, তা বলাই যায়।
অন্যদিকে, মেয়েদের বিভাগে রুদ্ধশ্বাস লড়াই চলছে শীর্ষে। ত্রয়োদশ রাউন্ডে ভারতের বৈশালী রমেশবাবু মুখোমুখি হন তান ঝংইয়ের। ম্যাচ শেষ হয় ড্রয়ে। শুরুতে চাপে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ান বৈশালী। মাঝপথে প্রতিপক্ষ এগিয়ে গেলেও পরের ভুল কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন তিনি। শেষ পর্যন্ত তিনবার একই অবস্থান তৈরি হওয়ায় ড্র নিশ্চিত হয়। এই রাউন্ড শেষে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ৭.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে যৌথভাবে আছেন বৈশালী ও বিবিসারা আসাউবায়েভা। ঠিক পেছনে আছেন ঝু জিনের, আর ৬.৫ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছেন আনা মুজিচুক, কাতেরিনা লাগনো এবং আলেকজান্দ্রা গোরিয়াচকিনা। ফলে শেষ রাউন্ডেই নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন। শেষ রাউন্ডে বৈশালীর সামনে বড় পরীক্ষা। সাদা ঘুঁটি নিয়ে তাঁকে খেলতে হবে লাগনোর বিরুদ্ধে। এখন লক্ষ্য একটাই— অযথা ভুল না করে শান্ত মাথায় নিজের সেরাটা দিয়ে খেতাবের দৌড়ে টিকে থাকা।


