রাজ্যের খবর

কালো পতাকায় ঘেরাও বিজেপি প্রার্থী! বিক্ষোভে আটকে গেল দেবের কনভয়

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Truth of Bengal: সপ্তাহের শুরুতেই কোচবিহার দক্ষিণে রাজনৈতিক উত্তাপ চরমে। প্রচারে বেরিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস। স্থানীয় মানুষের বিক্ষোভে তাঁর গাড়ি ঘিরে ফেলা হয়, দেখানো হয় কালো পতাকা এবং ওঠে স্লোগান।

ঘটনার জেরে ঘুঘুমারিতে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। সেই সময়ই একই রাস্তায় আটকে পড়ে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের কনভয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে বিক্ষোভকারীদের সরিয়ে কনভয়কে নিরাপদে বের করে আনা হয়।

জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়েই ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়ে ওঠেন তাঁরা। কয়েকশো মানুষের জমায়েতে ঘুঘুমারি ব্রিজ সংলগ্ন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে কোচবিহারের চাঁদমারিতে রোড শো করেন দেব। তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায় রাস্তায়। রোড শো ঘিরে জনসমুদ্রই যেন তৃণমূলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

দেব বলেন, “মানুষের এই বিপুল সমর্থনই প্রমাণ করে তৃণমূলের উপর আস্থা কতটা। চতুর্থবারও তৃণমূলই সরকার গড়বে।”

একদিকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জনরোষ, অন্যদিকে তৃণমূলের সভায় ভিড়- এই দুই বিপরীত ছবি ঘিরেই এখন সরগরম কোচবিহারের রাজনীতি। বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গে রাজনৈতিক লড়াইয়ে বিজেপি কিছুটা চাপে পড়ছে।

Related Articles