টিকিট না পেয়ে বিস্ফোরক মনোজ! অভিমানে ‘প্রিয় দিদিকে’ কী বার্তা প্রাক্তন মন্ত্রীর?
Truth of Bengal: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রতি নির্বাচনে নতুন চমক দেখা যায়। বিনোদন ও ক্রীড়া জগত থেকে নতুন মুখ তুলে আনার নজিরও রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই তালিকায় উঠে এসেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। শুধু প্রার্থী করাই নয়, ভোটে জয়ের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের নির্বাচনে সেই মনোজ তিওয়ারির নাম প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে, যা নিয়ে স্পষ্টই হতাশা ও অভিমান ফুটে উঠেছে তাঁর কথায়।
এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও, এবার মুখ খুলে কার্যত রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিলেন মনোজ। তিনি জানান, অন্য দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর কথায়, “অন্য দল থেকে অফার রয়েছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
টিকিট না পাওয়ায় হতাশা রয়েছে কি না, সে প্রশ্নে মনোজ বলেন, “খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন প্র্যাকটিসের সময় অনেকগুলো মিসড কল পাই। পরে ফোন করে জানতে পারি, দিদি কথা বলতে চান। তখন যেভাবে তাঁকে অপমান করা হচ্ছিল, তা দেখে আমার জেদ বেড়ে যায়।”
নিজের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতিতে এসে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানেন, আমি কতটা কাজ করেছি।”
গত বিধানসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী রথীন চক্রবর্তীকে প্রায় ৩২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন মনোজ তিওয়ারি। সেই কঠিন লড়াই জয়ের পর এবার নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।
এখন প্রশ্ন একটাই- মনোজ কি নতুন কোনও দলে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন? বঙ্গ রাজনীতিতে সেই উত্তরই এখন সবচেয়ে বড় চর্চার বিষয়।




