কলকাতা

আর জি করের পর এবার এসএসকেএম! গ্যাস্ট্রো বিভাগে উদ্ধার সাফাইকর্মীর ঝুলন্ত দেহ

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Truth of Bengal: রাজ্যের সরকারি হাসপাতালে মৃত্যুর মিছিল যেন থামছেই না। আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে এসএসকেএম হাসপাতাল। শুক্রবার সকালে পিজি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবক ওই বিভাগেরই এক চুক্তিভিত্তিক সাফাইকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইমরান সরদার, বয়স মাত্র ২২ বছর। শুক্রবার সকালে হাসপাতালের অন্যান্য কর্মীরা প্রথম তাঁর দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবকটি আত্মহত্যা করেছেন। তবে কর্মক্ষেত্রে কোনো মানসিক চাপ ছিল কি না, নাকি ব্যক্তিগত কোনো কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছেন টালা ও সংলগ্ন থানার তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আজকের দিনটি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। সকালে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। ছেলেকে দেখতে এসে সপরিবারে লিফটে আটকা পড়ে অকালমৃত্যু হয় তাঁর। সেই রেশ কাটতে না কাটতেই এসএসকেএম-এর এই ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক ও উদ্বেগ আরও বাড়িয়ে দিল।

একই দিনে দুই বড় সরকারি হাসপাতালে এমন অনভিপ্রেত মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর পরিজনরা। এসএসকেএম-এর ঘটনায় ইমরানের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles