লড়াই করেও স্বপ্নভঙ্গ! ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে রুদ্ধশ্বাস হারে বিদায় ইয়ুকি ভামব্রির
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স-এর সেমিফাইনালে তাঁরা হেরে যান ফ্রান্সের আর্থার রিন্ডারকনেখ এবং মোনাকোর ভ্যালেন্টিন ভাশেরো জুটির কাছে।
Truth of Bengal: ভারতের টেনিস তারকা ইয়ুকি ভামব্রি এবং তাঁর সুইডিশ সঙ্গী অ্যান্ড্রে গোরানসনের দুর্দান্ত অভিযান শেষ হল সেমিফাইনালেই। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স-এর সেমিফাইনালে তাঁরা হেরে যান ফ্রান্সের আর্থার রিন্ডারকনেখ এবং মোনাকোর ভ্যালেন্টিন ভাশেরো জুটির কাছে।
রুদ্ধশ্বাস এই ম্যাচে ভামব্রি–গোরানসন জুটি শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬(৭), ৫-১০ ফলে পরাজিত হয়। ম্যাচের শুরুটা ভালই করেছিলেন ভারত–সুইডেনের এই জুটি, কিন্তু প্রথম সেটে অল্প ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে দ্বিতীয় সেটে দারুণ প্রত্যাবর্তন করেন তাঁরা। টানটান টাইব্রেকে সেট জিতে ম্যাচকে নির্ণায়ক পর্যায়ে নিয়ে যান। কিন্তু শেষের সুপার টাইব্রেকে স্নায়ুর জোর ধরে রেখে জয় নিশ্চিত করেন রিন্ডারকনেখ–ভাশেরো জুটি। হারলেও এই টুর্নামেন্ট ভামব্রির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ৩৩ বছর বয়সি এই ভারতীয় খেলোয়াড় প্রথমবারের মতো কোনও মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলেন।
এর আগে কোয়ার্টার ফাইনালে ভামব্রি ও গোরানসন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রিয়া–ইতালির জুটি আলেকজান্ডার এরলার এবং আন্দ্রেয়া ভাভাসোরি-কে ৬-৩, ৭-৬(৭) ফলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন। এই সাফল্যের মাধ্যমে আবারও মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতীয় উপস্থিতি দেখা গেল। এর আগে ২০২৪ সালে রোহান বোপন্না মিয়ামি ওপেন জিতে বড় সাফল্য এনে দিয়েছিলেন ভারতের টেনিসে।






