হিমেল হাওয়ার দিন শেষ, চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল
উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট কমে আসায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে
Truth of Bengal: ফেব্রুয়ারির মাঝামাঝি হতেই শীতবিলাসী বাঙালির কপালে চিন্তার ভাঁজ। ঋতুরাজ বসন্তের আগমনে যেখানে হালকা হিমেল হাওয়ার কথা, সেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের আমেজ এখন কেবল ক্যালেন্ডারের পাতাতেই সীমাবদ্ধ। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট কমে আসায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রির ঘর ছুঁয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়তে পারে। বিশেষ করে বুধবারের মধ্যে রাতের তাপমাত্রা আরও অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বসন্তের এই মনোরম আবহাওয়া আর খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও, তারপর থেকেই গরমের দাপট শুরু হতে পারে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও খুব একটা থাকবে না আপাতত।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে এখনও কুয়াশার দাপট বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও সেখানেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সব মিলিয়ে, রাজ্যজুড়ে এখন শীতের বিদায়বেলায় গরমের পদধ্বনিই স্পষ্ট।






