Truth Of Bengal: জুলাই আন্দোলনের আগে যে বাংলাদেশকে অনেকেই ‘অচল’ বলে মনে করতেন, সেই দেশ এখন অগ্রগতির পথে এগিয়েছে, এমনটাই দাবি করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে উপস্থিত হয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, তাঁর নেতৃত্ব সফল না ব্যর্থ—সেই বিচার করবেন দেশের জনগণই।
সোমবার রাত ন’টা (স্থানীয় সময়) প্রধান উপদেষ্টার দফতর থেকে দেওয়া ভাষণে তিনি জানান, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটাই তাঁর বিদায়ী বক্তব্য। তাঁর কথায়, বহু বছর পর দেশে একটি ‘আদর্শ’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ‘দৈত্যের গ্রাস’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, ছাত্র-ছাত্রীরাই দেশকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করেছেন।
অন্তর্বর্তী সরকারের আমলে দেশ আবার সচল হয়েছে বলেও দাবি করেন ইউনূস। তাঁর বক্তব্য, যারা এতদিন দেশকে লুটপাট করত, তারা আন্দোলনের পরপরই পালিয়ে গেছে। অন্যরা হয় নিজেদের অবস্থান বদলেছে, নয়তো আত্মগোপনে রয়েছে। জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের ত্যাগের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর সরকারের সময়ে ১৩০টি আইন প্রণয়ন ও সংস্কার করা হয়েছে এবং ৬০০টি নির্দেশ জারি হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ৮৪ শতাংশের বেশি ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলে দাবি করেন। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সততার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
শনিবার নিজের বক্তব্যে ইউনূস বলেন, সরকার পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও একজন সাধারণ নাগরিক হিসেবে নতুন বাংলাদেশ গঠনে তিনি ভূমিকা রাখতে চান। তাঁর মতে, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া এখন সবার সম্মিলিত দায়িত্ব।






