বিদায় নিচ্ছে শীত, মহানগরের তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে!
আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়তে পারে।
Truth Of Bengal: কলকাতা-সহ বঙ্গের অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে কমছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গেও শীতের প্রভাব ক্রমশ কমছে। বাংলার পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী সাত দিন ধরে আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ছে। দার্জিলিং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অন্যদিকে কালিম্পং-সহ সমতল অঞ্চলের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও নিচের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। আগামী তিন-চার দিনে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে।
মোটের ওপর, গোটা বঙ্গ জুড়ে শীতের প্রভাব ধীরে ধীরে কমছে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছচ্ছে।






