কলকাতা

মাঘে শীতের শেষ ইনিংস, সপ্তাহান্তে ফের নামতে পারে তাপমাত্রা?

আবহাওয়াবিদদের মতে, ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকলে মাঘ মাসেও ঠান্ডার কামড় কিছুটা বেশি অনুভূত হতে পারত।

Truth Of Bengal: সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামার মধ্যেই বঙ্গের আবহাওয়ায় শীত তার অস্তিত্ব বজায় রাখার শেষ চেষ্টা চালাচ্ছে। মাঘ মাসের তৃতীয় সপ্তাহ চলছে, সামনে ফাল্গুন। চলতি মরশুমে একসময় দাপট দেখালেও এখন ধীরে ধীরে বিদায়ের সুর শোনা যাচ্ছে শীতের ইনিংসে। মাঘ মাসে দক্ষিণবঙ্গে সেভাবে ‘বাঘের গায়ে শীত’ না পড়লেও, অগ্রহায়ণের শেষ ভাগ থেকে পুরো পৌষ মাস জুড়ে শীত ছিল যথেষ্ট কড়া।

আবহাওয়াবিদদের মতে, ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকলে মাঘ মাসেও ঠান্ডার কামড় কিছুটা বেশি অনুভূত হতে পারত। বর্তমানে কলকাতা ও তার আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে পারদ বাড়ছে। যদিও উত্তুরে হাওয়ার দাপটে ভোর ও রাতে হালকা ঠান্ডার রেশ থাকছে, দিনের বেলায় রোদের তেজ বেশ অনুভূত হচ্ছে।

আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকবে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে এবং বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামী তিন থেকে চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সপ্তাহান্তে ফের তা নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে। অর্থাৎ সার্বিকভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনও হেরফেরের ইঙ্গিত নেই। পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। নদিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এখনও শীতের প্রভাব বেশি। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে রয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। এই তাপমাত্রার ওঠানামাকে স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে ফের পারদ নামতে পারে। ফলে এবারের মাঘ মাসে ঠান্ডার উপস্থিতি থাকবে মূলত ওঠানামার মধ্যেই।

এদিকে, কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ ছিল।

Related Articles