কলকাতায় এক ধাক্কায় পারদ বাড়ল ২ ডিগ্রি, জেলায় জেলায় অব্যাহত হাড়কাঁপানো ঠান্ডা
কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাগুলিতে শীতের কামড় এখনও যথেষ্ট অনুভূত হচ্ছে।
Truth Of Bengal: বছরের শুরুতেই তাপমাত্রার ওঠানামা অব্যাহত বঙ্গে। গত কয়েকদিনের রেকর্ড শীতের পর কলকাতায় এক ধাক্কায় পারদ চড়ল প্রায় দুই ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম হলেও গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। গত বুধবার শহর কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে মরসুমের শীতলতম দিন হিসেবে রেকর্ড গড়েছিল। বৃহস্পতিবারও তা ছিল ১১.৬ ডিগ্রি।
কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাগুলিতে শীতের কামড় এখনও যথেষ্ট অনুভূত হচ্ছে। শুক্রবার দার্জিলিং ছিল রাজ্যের শীতলতম স্থান (৪.৪ ডিগ্রি)। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও শীতের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। এদিন বীরভূমের সিউড়িতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বহরমপুর (৮.৪ ডিগ্রি), উলুবেড়িয়া (৮.৬ ডিগ্রি), শ্রীনিকেতন (৮.৮ ডিগ্রি) এবং কল্যাণীতেও (৮.৯ ডিগ্রি) পারদ আট ডিগ্রির ঘরেই রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। এর পরবর্তী তিনদিন আবহাওয়া স্থিতিশীল থাকলেও, তারপর থেকে পুনরায় ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীত এখনই বিদায় নিচ্ছে না।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঠান্ডার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিঙে তুষারপাত হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম ও বর্ধমান সহ একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার কৃষ্ণনগরে তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি, ব্যারাকপুরে ৯.৬ ডিগ্রি এবং বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া (১০.৭ ডিগ্রি), আসানসোল (১১.১ ডিগ্রি) ও কাঁথিতেও (১১ ডিগ্রি) জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে। কলকাতার উপকণ্ঠে দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।






