আন্তর্জাতিক

শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত? প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা সফরে যাচ্ছেন ডেলসি রড্রিগেজ

বুধবার ডেলসি নিজে জানিয়েছেন যে, আমেরিকার সঙ্গে যেকোনো সংলাপে তিনি নির্ভয়ে এবং খোলা মনে বসতে প্রস্তুত।

Truth of Bengal: ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক এবং নাটকীয় পটপরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের তিক্ততা সরিয়ে রেখে এবার আমেরিকায় পা রাখতে চলেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। বুধবার মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ডেলসিই হতে চলেছেন ভেনেজুয়েলার প্রথম প্রেসিডেন্ট, যিনি পদে থাকাকালীন সরকারিভাবে মার্কিন সফরে যাচ্ছেন। যদিও এই সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে ওয়াশিংটন বা কারাকাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বুধবার ডেলসি নিজে জানিয়েছেন যে, আমেরিকার সঙ্গে যেকোনো সংলাপে তিনি নির্ভয়ে এবং খোলা মনে বসতে প্রস্তুত।

কূটনৈতিক মহলের মতে, ওয়াশিংটনের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পাঠানো দুই দেশের সম্পর্কের এক আকস্মিক ও বড় ধরনের পরিবর্তনের প্রতিফলন। ক্ষমতা সুসংহত করার লক্ষে ডেলসি ইতিমধ্যেই দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে বড়সড় রদবদল শুরু করেছেন, যার অংশ হিসেবে আঞ্চলিক কমান্ডে ১২ জন নতুন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের একটি বহর অবস্থান করছে। এই পরিস্থিতির মধ্যেই ডেলসি আমেরিকাকে ভেনেজুয়েলার তেল বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ সহজ করা এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার মতো ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করেছেন তিনি।

এই নাটকীয় পরিবর্তনের আবহেই দানা বেঁধেছে এক গভীর ষড়যন্ত্রের তত্ত্ব। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কয়েক মাস আগে থেকেই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়োর সঙ্গে মার্কিন গোয়েন্দাদের গোপন যোগাযোগ ছিল। রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, প্রাক্তন প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তা বলয় এবং অন্যান্য অতি গোপনীয় তথ্য আগেভাগেই আমেরিকার হাতে পৌঁছে গিয়েছিল। সন্দেহ করা হচ্ছে, মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তিই এই ‘বিশ্বাসঘাতকতা’ করেছিলেন এবং আমেরিকার কাছে তথ্য ফাঁস করেছিলেন। এই ষড়যন্ত্রের জালে স্বরাষ্ট্রমন্ত্রী কাবেয়ো সরাসরি যুক্ত ছিলেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের বিষয়টি বিভিন্ন রিপোর্টে জোরালোভাবে উঠে আসছে।

Related Articles