কলকাতা

কয়লা পাচার কাণ্ডে আরও ৭ জনকে তলব ইডির! তদন্তে নতুন মোড়

কয়লা পাচার নিয়ে ইডির এই অতি-সক্রিয়তা সাম্প্রতিক এক রাজনৈতিক সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ করেছে।

Truth of Bengal: কয়লা পাচার মামলার তদন্তের জাল আরও গুটিয়ে আনতে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে এবার নতুন করে আরও সাতজনকে তলব করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এই মামলার শিকড় খুঁজতে গিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। তাঁদের বয়ান এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতেই এই নতুন সাতজনের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, পাচারের টাকা ঠিক কোথায় কোথায় গিয়েছে এবং এর পিছনে কোনো প্রভাবশালী যোগসূত্র রয়েছে কি না, তা জানতেই এই জেরা।

কয়লা পাচার নিয়ে ইডির এই অতি-সক্রিয়তা সাম্প্রতিক এক রাজনৈতিক সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ করেছে। কয়েকদিন আগেই দিল্লির একটি পুরনো মামলার সূত্রে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সেই সময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন। তদন্তের অছিলায় রাজনৈতিক নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো যে আইনি লড়াই শুরু করেছিলেন, তা কলকাতা হাই কোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে সেই সংঘাতের মধ্যেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ছড়িয়ে থাকা পাচার চক্রের হদিশ পেতে আরও ১৫ জনকে তলবের তালিকায় রেখেছে ইডি।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে বাংলা এবং ঝাড়খণ্ডের ৪০টিরও বেশি ঠিকানায় বড়সড় অভিযান চালিয়েছিল ইডি। সেই তল্লাশিতে কেবল গুরুত্বপূর্ণ নথিপত্রই নয়, কয়েক কোটি নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনাদানা বাজেয়াপ্ত করা হয়েছিল। এমনকি উদ্ধার হয়েছিল প্রচুর বেআইনি কয়লাও। সেই অভিযানের রেশ ধরেই এবার কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড সংলগ্ন কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তলব করে পাচারের উৎস ও গন্তব্য স্পষ্ট করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।

Related Articles