টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিল আইসিসি
বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে।
Truth Of Bengal: আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভারতের মাটিতে খেলতে না আসার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ২১ জানুয়ারি, বুধবারের মধ্যে বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে বিসিবি-কে।শনিবার ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই শীর্ষ কর্তা। বৈঠকে বিসিবি জানিয়ে দেয়, তারা ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত। সেই কারণেই দল পাঠানো সম্ভব নয় বলে জানানো হয়। বিকল্প হিসেবে আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয় বাংলাদেশ। বিসিবির দাবি, গ্রুপ বদল হলে সূচিতে খুব বেশি পরিবর্তন করতে হবে না।
বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। বিসিবির প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ চায় গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের জায়গায় খেলতে, আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক গ্রুপ সি-তে। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড।তবে সূত্রের খবর, বাংলাদেশের এই প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসি-র। কারণ, গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে আরও ৭টি দেশের সম্মতি প্রয়োজন, যা পাওয়া কার্যত অসম্ভব। এছাড়াও আইসিসি মনে করছে, শেষ মুহূর্তে সূচি বা গ্রুপ বদল করা আয়োজনের পক্ষে সম্ভব নয়।
বাংলাদেশ এর আগে পাকিস্তানের কাছেও সমর্থন চেয়েছিল। তবে নিরাপত্তার ‘অজুহাতে’ ভারতে না যাওয়ার এই অবস্থান নিয়ে আইসিসি আর সময় দিতে রাজি নয়। বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে টানাপড়েন শুরু হয়।আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ সিদ্ধান্ত না জানালে বা খেলতে অস্বীকার করলে, তাদের বদলে বিকল্প দল নেওয়া হবে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সেই ক্ষেত্রে সবার আগে রয়েছে স্কটল্যান্ড।৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রস্তুতির শেষ পর্বে এসে আর কোনও অনিশ্চয়তা রাখতে চায় না আইসিসি। বিশেষজ্ঞদের মতে, ভারতের নিরাপত্তা নিয়ে আইসিসি কোনও সমস্যা দেখছে না এবং বাংলাদেশের ওপর পাল্টা চাপ তৈরি হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে—বিশ্বকাপে থাকবে কি না বাংলাদেশ।






