দায়িত্ব নিয়েই অ্যাকশনে নতুন চেয়ারম্যান, বালুরঘাটে শুরু ‘রাস্তা শ্রী’ প্রকল্পের কাজ
রাস্তার নবরূপায়ণের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া পাড়াজুড়ে
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই উন্নয়নের কাজে হাত দিলেন বালুরঘাট পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সুরজিৎ সাহা। গত ১৭ তারিখ চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর সোমবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘রাস্তা শ্রী’-র আওতায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজের সূচনা করলেন তিনি।
বালুরঘাট শহরের আর্য সমিতি পাড়া এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ৯ লক্ষ ৪৯ হাজার টাকারও বেশি। এলাকাবাসীর বহুদিনের দাবি মেনে এই রাস্তার নবরূপায়ণের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া পাড়াজুড়ে।স্থানীয় বাসিন্দা বাবলি মজুমদার জানান, “এই রাস্তাটি সংস্কারের দাবি আমরা অনেকদিন ধরেই জানিয়ে আসছিলাম। বারবার কাউন্সিলরকে বলেছি। অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েই আমাদের এলাকার রাস্তার কাজ শুরু করলেন, এতে আমরা সত্যিই আনন্দিত।”
এলাকার কাউন্সিলর শিপ্রা খাঁ বলেন, “বাসিন্দাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি আসছিল। আজ কাজ শুরু হওয়ায় আমরাও খুশি।”এদিন কাজের সূচনাকালে পৌর চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, “দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ‘রাস্তা শ্রী’ প্রকল্পের মাধ্যমে আর্য সমিতি পাড়ার এই রাস্তাটি সংস্কার করা হবে। প্রায় নয় লক্ষ টাকারও বেশি ব্যয়ে কাজ সম্পূর্ণ করা হবে।” পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে, যাতে দ্রুতই এলাকার বাসিন্দারা উন্নত রাস্তার সুবিধা পান।






