কলকাতারাজ্যের খবর

বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে রদবদলের নির্দেশ

জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেট দু’পক্ষের সঙ্গেই সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Truth Of Bengal: আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে রাজ্য পুলিশের একাংশের বদলি ও পোস্টিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। আলিপুরের ভবানী ভবন থেকে জারি হওয়া এই নির্দেশে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দিষ্ট মানদণ্ডে যাঁরা পড়ছেন, তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বদলির সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট জোনাল আধিকারিকদের। জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেট দু’পক্ষের সঙ্গেই সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্দেশ অনুযায়ী, দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি-কে বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।পশ্চিম জোনের এডিজি ও আইজিপি আসানসোল-দুর্গাপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রিজিয়নের আইজিপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দায়িত্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

Related Articles