মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ জনের
প্রধানমন্ত্রী মোদির সভায় যোগ দিতেই তাঁরা নদিয়ার তাহেরপুরে এসেছিলেন।
Truth Of Bengal: এসআইআর ইস্যুতে উত্তাল রাজনৈতিক আবহের মধ্যেই শনিবার পশ্চিমবঙ্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরে তাঁর সভা ঘিরে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। তাহেরপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জানা গিয়েছে, মৃত ও আহত সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সাবলদহ গ্রামে। প্রধানমন্ত্রী মোদির সভায় যোগ দিতেই তাঁরা নদিয়ার তাহেরপুরে এসেছিলেন। শুক্রবার রাতে প্রায় ৪০ জনের একটি দল মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে পৌঁছয় বলে সূত্রের খবর।
শনিবার ভোরে দলের কয়েকজন রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। ঠিক সেই সময় একটি ট্রেন দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ৩ জন ছিটকে পড়ে রেললাইনের উপরেই প্রাণ হারান। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই আহতের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। ফলে ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নদিয়ার তাহেরপুর মতুয়াগড় হিসেবেও পরিচিত। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।






