Truth Of Bengal: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা ফের বৃন্দাবনের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়ে প্রেমানন্দ জি মহারাজের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছেন। এটি এ বছর তাঁদের তৃতীয় বৃন্দাবন সফর।
ভজন মার্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোহলি ও অনুষ্কা মহারাজের সঙ্গে একান্তিক বার্তালাপে লিপ্ত। ভিডিয়োতে প্রেমানন্দ জি মহারাজ দম্পতিকে পরামর্শ দিয়েছেন, তাঁদের কর্মক্ষেত্রকে ভগবানের সেবা হিসেবে বিবেচনা করতে। তিনি বলেন, “আপনে কর্মক্ষেত্রকে ভগবান কা সেবা সমঝিয়ে। গম্ভীর ভাব সে রহিয়ে। বিনম্র রহিয়ে। আর খুব নাম জপ কিজিয়ে।”
View this post on Instagram
যুক্তরাজ্য থেকে ভারতে ফেরার কয়েক দিন পরই এই সফর। গত সপ্তাহে তাঁরা যুক্তরাজ্য থেকে ফিরেছেন, যেখানে তাঁরা সন্তান ভামিকা ও আকায়ের সঙ্গে থাকেন। এর আগে এ বছর জানুয়ারি মাসে কোহলি-অনুষ্কা সন্তানদের নিয়ে বৃন্দাবনে এসেছিলেন প্রেমানন্দ জি মহারাজের আশীর্বাদ নিতে। মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার এক দিন পরেও তাঁরা এখানে এসেছিলেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোহলি এখনও ওডিআই এবং আইপিএলে সক্রিয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শেষ করে তিনি যুক্তরাজ্যে ফিরে গিয়েছিলেন। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন কোহলি। এরপর জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন তিনি।কোহলি-অনুষ্কার এই আধ্যাত্মিক সফর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা তাঁদের এই নম্রতা ও ভক্তির প্রশংসা করছেন।






