রাজ্যের খবর
পুলিশের হামলায় ভেজাল হলুদের হদিশ, সামশেরগঞ্জে গ্রেফতার ২
রাতে নতুন ডাকবাংলা সংলগ্ন একটি হলুদ মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের ও ভেজাল হলুদ-তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।
Truth Of Bengal: বাজারে অস্বাভাবিক রঙের হলুদ বিক্রির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে নতুন ডাকবাংলা সংলগ্ন একটি হলুদ মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের ও ভেজাল হলুদ-তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।
থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশেষ দলের অভিযানে মিলের ভিতর থেকে পচা-নিম্নমানের হলুদ, রাসায়নিক রঙ মেশানোর উপকরণ, অন্যান্য কেমিক্যাল এবং হলুদ গুঁড়ো করার মেশিন উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে এই মিল থেকে ভেজাল হলুদ তৈরি করে আশপাশের বাজারে সরবরাহ করা হচ্ছিল।
ঘটনাস্থল থেকে মিলের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে মিলের মালিক সামসুদ্দিন শেখ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মিলটি শিল করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ধৃত দুজনকে আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায়। ঘটনার তদন্ত চলছে।স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন ধরেই বাজারের হলুদের রং ও গুণগত মান নিয়ে সন্দেহ ছিল। তাঁদের দাবি, ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।




