অ্যাডমিট কার্ডে ‘পুরুষ’! ভুল জেন্ডারের জেরে পরীক্ষাই দিতে পারলেন না যুবতী
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকরা রিচার অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন—জেন্ডার বিভাগে ‘মহিলার’-এর বদলে লেখা রয়েছে ‘পুরুষ’।
Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উঠল চরম অব্যবস্থার অভিযোগ। অ্যাডমিট কার্ডে জেন্ডার ভুল থাকার কারণে পরীক্ষা দিতে পারলেন না নৈহাটির বাসিন্দা যুবতী রিচা কুমারী ঝা। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে, যেখানে রবিবার মোট ৩৫২ জন পরীক্ষার্থীর সিট নির্ধারিত ছিল।পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকরা রিচার অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন—জেন্ডার বিভাগে ‘মহিলার’-এর বদলে লেখা রয়েছে ‘পুরুষ’। এই অসঙ্গতি দেখেই তাঁকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। ফলে কেন্দ্রের সামনে দীর্ঘ সময় বসে থাকতে হয় রিচাকে।
পরীক্ষার্থীর অভিযোগ, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই ভুলটি নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট দফতরে মেল করেন ভুল সংশোধনের অনুরোধ জানিয়ে। কিন্তু সেই মেলের কোনও উত্তর মেলেনি। রিচার কথায়, “চাকরির পরীক্ষা খুব কম আসে। হয়তো ফর্ম ফিল-আপ করার সময় ভুল হয়েছে। অ্যাডমিট হাতে পাওয়ার পরই দেখি ‘পুরুষ ’ লেখা আছে। কেন্দ্রের ভেতরে সবই পুরুষ পরীক্ষার্থী থাকায় আমায় ঢুকতে দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা টুলটুল দে জানান, তারা সকাল থেকেই পরীক্ষার্থীদের সহযোগিতা করতে কেন্দ্রে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “একটা মেয়ের অ্যাডমিট কার্ডে লিঙ্গের জায়গায় ভুল লেখা থাকায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হল না—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার জন্য সিট বরাদ্দ ছিলই। চাইলে আলাদা ব্যবস্থা করা যেত। উত্তরপত্র তো পরে দেওয়া হয়—তখনও ভুল ঠিক করা যেত। কিন্তু কোনও ব্যবস্থাই নিল না কর্তৃপক্ষ।অ্যাডমিট কার্ডের জেন্ডার বিভ্রাটে একজন যোগ্য পরীক্ষার্থী পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক গাফিলতি নিয়েও। এখন দেখার—এই ঘটনায় কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দফতর।






