রাজ্যের খবর

মাছপ্রেমী বাঙালির জন্য সুখবর! দুর্গাপুরে তৈরি হচ্ছে অত্যাধুনিক মাছ বাজার

প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই আধুনিক বাজারটি, যা তৈরি হয়েছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ডেইলি মার্কেটে।

Truth Of Bengal: খাদ্যরসিক বাঙালির পাতে মাছ না থাকলে যেন আহারই অসম্পূর্ণ। আর সেই বাঙালির প্রিয় খাবারের জন্যই দুর্গাপুর নগর নিগম গড়ে তুলেছে এক অভিনব স্থায়ী মাছ বাজার  ‘আহারি মৎস্য বাহারি মৎস্য’। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই আধুনিক বাজারটি, যা তৈরি হয়েছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ডেইলি মার্কেটে।

দীর্ঘদিন ধরেই মাছ ব্যবসায়ীদের দাবি ছিল একটি স্থায়ী ও পরিকাঠামোসমৃদ্ধ বাজারের। কারণ রোদ, বৃষ্টি কিংবা শীতে তাঁদের ত্রিপল টাঙিয়ে মাছ বিক্রি করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। অবশেষে সেই দাবি পূরণ করল দুর্গাপুর নগর নিগম।বাজারটিতে থাকবে মোট ৩০টি স্টল  মাছ ও মাংস বিক্রির জন্য পৃথক ব্যবস্থা থাকবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থায়ী দোকান পেয়ে তাঁরা খুবই খুশি। যদিও এখনো বিদ্যুৎ ও জলের সংযোগ স্থাপন বাকি, তা সম্পূর্ণ হলেই ব্যবসা শুরু করা যাবে।মাছ ব্যবসায়ী সুজিত গড়াই বলেন, ‘ এই বাজার হওয়ায় আমরা খুবই খুশি। শুধু জল আর বিদ্যুৎ দ্রুত দিলে আমরা স্থায়ী বাজারের ভেতরে বসে ব্যবসা শুরু করতে পারব।‘

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, ‘ আমরা মাছ ব্যবসায়ীদের দাবি অনুযায়ী অত্যাধুনিক স্থায়ী বাজার গড়ে তুলেছি। কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে বলে জানতে পেরেছি, খুব দ্রুত জল ও বিদ্যুতের ব্যবস্থা করা হবে।‘ দুর্গাপুরের নাগরিক ও মাছ ব্যবসায়ী— দুই পক্ষের কাছেই নতুন এই মাছ বাজারটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

Related Articles