দেশ

ব্রাজিলিয়ান মডেল ভোট দিয়েছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে, বিস্ফোরক অভিযোগ রাহুলের

বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে এক ব্রাজিলিয়ান মডেল নানা নামে ২২ বার ভোট দিয়েছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে।

Truth Of Bengal: এমনিতেই এসআইআর নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা সহ গোটা ভারতবর্ষে। এরই মাঝে বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে এক ব্রাজিলিয়ান মডেল নানা নামে ২২ বার ভোট দিয়েছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে। রাহুলের এমন বিস্ফোরক দাবি ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

রাহুল গান্ধী বলেন, “অন্তত ২৫ লক্ষ জাল ভোটার রয়েছে রাজ্যের ভোটার লিস্টে, যা প্রায় ১২ শতাংশ মোট ভোটারের। পরিকল্পনার সঙ্গে পদ্ধতিগতভাবে কারসাজি চালানো হয়েছে যাতে কংগ্রেসের সম্ভাব্য জয় পরাজয়ে পরিণত হয়।” এর সঙ্গে তাঁর অভিযোগ, “হরিয়ানায় প্রত্যেক ৮ জন ভোটারের মধ্যে একজন ভুয়ো। আমরা খুঁজে পেয়েছি ৫.২১ লক্ষ নকল ভোটার এন্ট্রি।”

পাশাপাশি, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে রাহুল গান্ধীর দাবি যে তারা ক্ষতি করছে গণতান্ত্রিক প্রক্রিয়ার। কংগ্রেস সাংসদ বলেন, “হরিয়ানায় কংগ্রেসের জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল সব এক্সিট পোলে। কিন্তু প্রকৃত ভোটের সঙ্গে মিলছে না পোস্টাল ব্যালট। এমনটা কখনও ঘটেনি আগে।” যদিও বিজেপি ও কমিশনের বিরুদ্ধে আগেও অভিযোগের আঙ্গুল তুলেছেন সোনিয়াপুত্র।

প্রসঙ্গত, এর আগেও ভোট চুরি ও কারচুপির অভিযোগ তোলা হয়েছে রাহুল গান্ধীর তরফ থেকে এবং একহাত নিয়েছিলেন নির্বাচন কমিশনকে। যদিও কমিশন সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে। পাল্টা কটাক্ষ আসে গেরুয়া শিবিরের তরফ থেকেও। তবে তা সত্ত্বেও লড়াই জারি রেখেছেন কংগ্রেস সাংসদ এবং নানাভাবে তোপ দেগে যাচ্ছেন। সুতরাং এক্ষেত্রে কি হয়, সেটাই এখন দেখার।

Related Articles