রাজ্যের খবর

Matua Community: ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের আমরণ অনশন! নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষার লড়াই

আজ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে আমরণ অনশন।

Truth of Bengal: নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে নতুন করে আন্দোলনের ঢেউ তুলেছে মতুয়া সম্প্রদায়। SIR (Survey of Indian Residents) ইস্যুতে আজ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে আমরণ অনশন। নেতৃত্ব দিচ্ছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।

সংঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে— ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াসহ দেশভাগের ফলে উদ্বাস্তু হয়ে আসা সকল ছিন্নমূল মানুষদের নিঃশর্ত নাগরিকত্ব ও ভোটাধিকার দিতে হবে। তাঁদের বক্তব্য, “যারা এই দেশে থেকে বছরের পর বছর ভোট দিচ্ছে, তারা হঠাৎ করে SIR-এর নামে সন্দেহভাজন হয়ে পড়ছে— এটা আমরা মেনে নিতে পারি না।”

অনশনকারীরা আরও জানিয়েছেন, “যাদের নাম দুই জায়গায় আছে বা মৃত ভোটারদের নাম বাদ যাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা প্রকৃত উদ্বাস্তু মতুয়া, তাঁদের নাম কাটা যাবে না।” ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সকাল থেকেই শতাধিক মতুয়া ভক্ত ও সংগঠনের সদস্য উপস্থিত হয়ে অনশনে যোগ দেন। মমতা বালা ঠাকুর ভার্চুয়ালি অনশনের সূচনা করেন এবং বলেন, “এটা শুধু নাগরিকত্বের লড়াই নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই।”

অন্যদিকে, এই অনশনকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি সাংবাদিকদের বলেন, “যারা অনশন করছে, তারা আসলে রোহিঙ্গা ও অবৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করছে। প্রকৃত মতুয়া সমাজ এই রাজনীতি বোঝে।” ঠাকুরনগরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। মতুয়া মহাসংঘ জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

Related Articles