এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তামিলনাড়ু সরকার
বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়টিও তোলা হয় বৈঠকে।
Truth Of Bengal: বর্তমানে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ সহ গোটা জাতীয় রাজনীতি। বিজেপি বিরোধী দলগুলির তরফ থেকে এর লাগাতার বিরোধিতা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস শাসিত বাংলা ও বাম শাসিত কেরলের পর এবার এসআইআর নিয়ে প্রশ্ন ওঠালো ডিএমকে শাসিত তামিলনাড়ু। এখানেই শেষ নয়, তাদের তরফ থেকে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। এসআইআর আটকাতে তারা দারস্থ হবে সুপ্রিম কোর্টের।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সভাপতিত্বে একটি বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয় এসআইআর নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সন্দেহজনক এবং তা আগে করা উচিত ছিল। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়টিও তোলা হয় বৈঠকে। এই ব্যাপারে স্ট্যালিনের অভিযোগ, সেখানে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘু ও বিজেপি বিরোধী ভোটারদের নাম। রাজ্য সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্ট বিহার নিয়ে কোনও আপত্তি না তুললেও এখনও দেয়নি মামলার চূড়ান্ত রায়। এমন পরিস্থিতিতে মামলার শরিক হতে চায় রাজ্য সরকার।
প্রসঙ্গত, এর আগে বাংলা ও কেরলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারায়ী বিজয়ন এসআইআরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নাম বাদ দেওয়া হতে পারে বিশাল সংখ্যার বৈধ ভোটারের। কেরল সরকারও এটিকে সন্দেহজনক বলে মনে করছে। তাদের বক্তব্য, কমিশনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির স্বার্থরক্ষা করার জন্য। সেক্ষেত্রে দেখার যে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার যাওয়ায়, বিষয়টির জল কোন পথে গড়ায়।






