কলকাতারাজ্যের খবর

Cyclone Mantha Impact: বিদায় নিল না ‘মান্থা’র রেশ! নভেম্বরের শুরুতেও উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে কী পূর্বাভাস?

দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার দুপুরের পর থেকে পরিবর্তন হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদে আজ দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক-দু' পশলা ভারী বৃষ্টি হতে পারে।

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাব পুরোপুরি কাটেনি এখনও। এর জেরেই বাংলার বাতাসে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি, যার ফলে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার, পয়লা নভেম্বরও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই নভেম্বরের শুরুতেও শীতের অনুভূতি নেই বললেই চলে। দিনের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন এখনই হচ্ছে না, তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ কমতে পারে। এর ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে (Cyclone Mantha Impact)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার দুপুরের পর থেকে পরিবর্তন হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদে আজ দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক-দু’ পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামীকাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হওয়ার প্রবল সম্ভাবনা। উপকূলীয় অঞ্চল বাদে প্রায় সব জেলাতেই রোদের দেখা মিলতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে আর্দ্রতা কমবে এবং বাতাস শুষ্ক হবে। এর পরই রাতের তাপমাত্রা নামা শুরু হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে জেলায় জেলায় ভোরের দিকে হালকা কুয়াশারও দেখা মিলতে পারে। শনিবার দুপুর পর্যন্ত রাজধানী কলকাতায় আকাশ মেঘলা থাকবে। অল্প সময়ের জন্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমার সাথে সাথে কলকাতার আবহাওয়াতেও পরিবর্তন আসবে (Cyclone Mantha Impact)।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই জেলাগুলিতে আজ দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আজ দুপুরের পর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদাতেও দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে এবং তারপর বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে সামগ্রিক আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কমে মেঘ কেটে রোদের দেখা মিলতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক হতে শুরু করবে। এর ফলে, আগামী বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে শীতের আমেজ মিলতে পারে। রাতের পারদ নেমে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে (Cyclone Mantha Impact)।

Related Articles