কুমন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী
এমন পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদু।
Truth Of Bengal: বর্তমানে ভারতবর্ষে প্রতিনিয়ত বেড়ে চলেছে কৃষক আত্মহত্যা। এই ব্যাপারে শীর্ষে এনডিএ শাসিত মহারাষ্ট্র। এমন পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদু। কী বক্তব্য তাঁর? এক জনসভা থেকে তিনি কৃষকদের উদ্দেশ্যে বিধায়ককে হত্যা করার বার্তা দেন। এমন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। এর তীব্র নিন্দা করেছেন এই রাজ্যের এনডিএ সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাট।
সম্প্রতি, একটি জনসভার আয়োজন করা হয়েছিল অমরাবতী জেলায়। সেখানে প্রহার জনশক্তি পার্টির নেতা, তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, বাচ্চু কাদু কৃষকদের বলেন, “কেন আত্মহত্যা করবেন? এর পরিবর্তে হত্যা করুন বিধায়ককে। মারন হামলা চালান তাঁর উপর। কৃষকদের উচিত বিধায়কের বাড়িতে গিয়ে নগ্ন হয়ে ধরনা দেওয়া এবং তার সামনে প্রস্রাব করা। এই সরকার তবেই শায়েস্তা হবে যদি এগুলি করা যায়।” চোখের নিমেষে সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।
প্রাক্তন মন্ত্রী এই বক্তব্যকে ঘিরে শুরু হয় গোটা মহারাষ্ট্র জুড়ে সমালোচনা। অনেকেই দাবি করেছেন যে এমন মন্তব্য করা উচিত হয়নি তাঁর। এই ব্যাপারে শিবসেনা নেতা, তথা রাজ্যের মন্ত্রী, সঞ্জয় শিরসাট নিজের অবস্থানে বলেছেন, “আগে উনি নিজে এই কুকর্মগুলি করুন অন্যকে উস্কানি দেওয়ার আগে। কৃষকদের উনি উস্কানি দিতে চাইছেন? অপরাধ করাতে চাইছেন তাঁদের দিয়ে? ওনার লাগাম টানা উচিত জিভে। এই মুহূর্তে কৃষকরা যথেষ্ট সমস্যায় রয়েছেন সেপ্টেম্বর মাসের বন্যা ও অতি বৃষ্টির কারণে। তাঁরা মানুষ হত্যা করুক উনি কি চাইছেন?”


