Kolkata: রাজস্থানের খুনের অভিযুক্তদের ডেরা এবার কলকাতা! সল্টলেক থেকে সিনেমার কায়দায় ধাওয়া করে ৩ দুষ্কৃতী গ্রেফতার
জানা গিয়েছে, দুষ্কৃতীরা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে সল্টলেকের পূর্বাঞ্চলের একটি আবাসনে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা সোজা আবাসনের চার তলায় উঠে পড়ে।
Truth of Bengal: রাজস্থানের একটি খুনের মামলায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ। সল্টলেক এলাকা থেকে তাঁদের ধরা হয়। তবে পলাতক আরও একজনের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের এসে কলকাতায় গা ঢাকা দেওয়ার ঘটনায় মহানগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের ওই অভিযুক্তরা কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফুলবাগান এলাকায় পৌঁছলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এই সময়ই শুরু হয় নাটকীয় ধাওয়া। একদম সিনেমার মতো কায়দায় পুলিশ তাঁদের পিছু নেয় (Kolkata)।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে সল্টলেকের পূর্বাঞ্চলের একটি আবাসনে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা সোজা আবাসনের চার তলায় উঠে পড়ে। পুলিশও তাঁদের পিছু নেয়। এরপর আবাসনের নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে ফের পালায়। শেষমেশ সল্টলেকের ‘বেঙ্গল টেনিস অ্যাকাডেমির’ কাছে এসে ধরা পড়ে ওই তিন অভিযুক্ত।এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “নানা ভাবে তারা ট্রেনে-বাসে করে এসে আবাসনে লুকিয়ে থাকছে। জনগণ ও পুলিশের এসটিএফ (STF)-এর দলের সাহায্যে পুরো টিমটাকে ধরা হয়েছে। একজন এখনও ধরা পড়েনি। আমার মনে হচ্ছে ইন্টালিজন্স কম ছিল। পুলিশের সঙ্গে সাধারণের যোগাযোগ হয়তো কম ছিল (Kolkata)।”
এদিকে, এই ঘটনার পর ওই আবাসনের বাসিন্দারা চরম আতঙ্কিত। এক বাসিন্দা ভয়ে ভয়ে বলেন, “একজন এসে বলছে ‘চোর আয়া হ্যায়’… ভদ্রলোক আমার থেকে অনেক লম্বা। আমি ওকে দরজা খুলে দিই। উনি চার তলায় উঠে যান। আমি তো ভয়ে আছি। এভাবে কেউ ঘরে ঢুকে পড়ল।” অন্য রাজ্য থেকে খুনের অভিযুক্তরা এসে এভাবে শহরে লুকিয়ে থাকায় স্থানীয় মানুষ ও বিশেষজ্ঞদের মনে প্রশ্ন উঠেছে— কলকাতা কি দুষ্কৃতীদের জন্য ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠছে? পুলিশের পক্ষ থেকে এই চক্রের বাকি সদস্যকে ধরতে এবং মহানগরীর নিরাপত্তা জোরদার করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে (Kolkata)।






