Baruipur Murder: পুজোর মাঝেই বারুইপুরে হাড়হিম করা খুন! একাদশীর সকালে গলার নলি কাটা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
এদিন সকালে এলাকার মানুষজন রাস্তায় বেরোতেই কাঠের ব্রিজের কাছে রাস্তার ধারে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন।
Truth of Bengal: দুর্গাপূজার উৎসবের মাঝেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। একাদশীর সকালেই বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় রাস্তার ধার থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ, যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে এলাকার মানুষজন রাস্তায় বেরোতেই কাঠের ব্রিজের কাছে রাস্তার ধারে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের গলার নলি কাটা ছিল এবং রক্তের দাগ লেগেছিল রাস্তায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই পাওয়া গেছে মদের বোতল, ঠান্ডা পানীয় এবং জলের বোতল। ঝোপের ধারে প্লাস্টিকের গ্লাসের বেশ কিছু অংশও মিলেছে।
আরও পড়ুনঃ কলকাতায় মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়বে! উত্তরেও কী দুর্যোগের আশঙ্কা?
বারুইপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের আসরে বসেই বচসা বা অন্য কোনো কারণে ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃত যুবক স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তকারীরা তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন। পুলিশ ধারণা করছে, ঘটনার সময় অকুস্থলে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ৬০ কলোনি এলাকায় এই কাঠের ব্রিজের কাছে অন্ধকার নামলেই নিয়মিত মদের আসর বসে। এমনকি, সাধারণ মানুষজন প্রতিবাদ করলে উল্টে তাঁদের হুমকি দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই ওই এলাকায় অসামাজিক কাজকর্ম চলে এবং ভাঙা মদের বোতলের কাঁচ রাস্তায় ছড়িয়ে রাখা হয়। এই দিনের নৃশংস খুনের ঘটনা প্রমাণ করে দিল যে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ কতটা বৃদ্ধি পেয়েছে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।






