রাজ্যের খবর

১০২ বছর বয়সে অন্নপ্রাশন! কোচবিহারে চমকপ্রদ আয়োজন

দীর্ঘ জীবনের অভিজ্ঞতাসমৃদ্ধ এই বৃদ্ধ এখনো দিব্যি হাঁটাচলা করেন, শক্তি-সামর্থ্যও বেশ প্রশংসনীয়।

Truth Of Bengal: বাড়িতে এলাহি আয়োজন। উৎসবের আবহে মেতে উঠেছে কোচবিহারের (Cooch Bihar) হলদিবাড়ি গ্রাম। কারণও বেশ অভিনব—গ্রামের প্রবীণতম বাসিন্দা নৃপেন্দ্র বর্মণের অন্নপ্রাশন। তাও আবার তাঁর বয়স ১০২ পেরিয়ে! এই বিরল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিডিও রেঞ্জি লামু ভুটিয়া, সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকসহ বহু অতিথি ও স্থানীয় মানুষজন।

নৃপেন্দ্র বর্মণ ভোটার কার্ড অনুযায়ী এখন ১০২ বছরের প্রবীণ, যদিও তাঁর নিজের দাবি অনুযায়ী বয়স ১১৩। দীর্ঘ জীবনের অভিজ্ঞতাসমৃদ্ধ এই বৃদ্ধ এখনো দিব্যি হাঁটাচলা করেন, শক্তি-সামর্থ্যও বেশ প্রশংসনীয়। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি যেন ফিরেছেন শৈশবে—কারণ, তাঁর মুখে আবার দেখা দিয়েছে তিনটি নতুন দুধের দাঁত! নাতি-নাতনিদের চোখে পড়ে এই অদ্ভুত ঘটনাটি। আনন্দে তারা ঠিক করে ফেলেন—দাদুর আবার অন্নপ্রাশন হবে, তাও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে।(Cooch Bihar)

তিন প্রজন্মের পরিবারে নৃপেন্দ্র বর্মণ এখন এক মহামানবের মতো। তাঁর তিন ছেলে ও চার মেয়ে মিলিয়ে বিশাল পরিবার। নাতি-নাতনির সংখ্যা ৩৪ জন। সবাই মিলে দাদুর মুখে নতুন দাঁত দেখে আহ্লাদে আটখানা হয়ে যান। ঠিক হয়, শিশুর মতোই দাদুর অন্নপ্রাশন হবে, যা এক দারুণ আনন্দঘন সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়।

শুক্রবার অনুষ্ঠিত হয় এই অনন্য আয়োজন। অতিথিদের ভিড়ে সরগরম হয়ে ওঠে হলদিবাড়ি গ্রাম। অনুষ্ঠানে খাবার, গান-বাজনা, আড্ডা আর ভালোবাসায় মেতে উঠেছিল ছোট থেকে বড়, সবাই। এলাকার মানুষজনের মুখেও ফুটে ওঠে হাসি। সকলেই নৃপেন্দ্রবাবুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।(Cooch Bihar)

নৃপেন্দ্র বর্মণ মূলত বাংলাদেশের রংপুর জেলার মুক্তির হাট এলাকার ভোগডাবুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৭২ সালে তিনি ভারতে চলে আসেন এবং সেসময় থেকে হলদিবাড়িতেই বসবাস করছেন। জীবনের এই পড়ন্ত বেলায় এসে তাঁর মুখে নতুন দাঁতের আগমন যেন প্রকৃতির এক আশ্চর্য খেলা। যদিও নিজের অন্নপ্রাশন নিয়ে একটু লজ্জায় পড়েছিলেন, কিন্তু তাঁর গালভরা হাসি ও উচ্ছ্বাসে স্পষ্ট ছিল আনন্দ আর তৃপ্তির ছোঁয়া।

এই ঘটনা শুধু পরিবারেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। শতায়ু নৃপেন্দ্র বর্মণের জীবনের এই অভিনব অধ্যায় যেন সবাইকে জীবনের প্রতি নতুন করে ভালোবাসতে শেখাল।

Related Articles