রাজ্যের খবর

TMC Controversy: রক্তদান শিবিরের মঞ্চে ভোজপুরি গানের তালে নাচ! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কে তৃণমূল নেতা

মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে তাঁর কোমর দোলানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।

Truth of Bengal: ফের বিতর্কে তৃণমূল। রক্তদান শিবিরের মঞ্চে ভোজপুরি গানের তালে নাচ করেছেন তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা। মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে তাঁর কোমর দোলানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি। প্রশ্ন উঠেছে বাঙালির সংস্কৃতি ও শালীনতা নিয়েও।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেয়ানী গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে। বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যাবেলায় একটি ‘ডান্স হাঙ্গামা’-র আয়োজন করা হয়। সেই মঞ্চেই হাজির ছিলেন জয়নগর ২ নম্বর ব্লকের তৃণমূলের নেতা ও পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা। মঞ্চে ওঠার পর শুধু উপস্থিতিই নয়, পুরোদমে ভোজপুরি গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। তাঁর নাচের সঙ্গী ছিলেন এক মহিলা নৃত্যশিল্পী। সেই নাচের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

স্থানীয় সূত্র জানাচ্ছে, ওয়াহিদ মোল্লা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি ও সিপিএম কড়া ভাষায় সমালোচনা করেছে। বিরোধীদের দাবি, যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করেন, তাঁদের প্রতিনিধি হয়ে থাকা এক নেতা কী করে ভোজপুরি গানের তালে প্রকাশ্যে এমন চটুল নাচে অংশ নেন?

অন্যদিকে, সমালোচনা উড়িয়ে ওয়াহিদ মোল্লার সাফাই এলাকার মা-বোনেদের মনোরঞ্জনের জন্যই তিনি এই নাচ করেছেন। এতে কোনও অনৈতিকতা নেই বলেই তাঁর দাবি। যদিও বিরোধী মহলের মতে, এটা তৃণমূল নেতাদের দৌরাত্ম্যের আরেকটি উদাহরণ। রক্তদান শিবিরের মতো একটি সামাজিক অনুষ্ঠানে এমন নাচ নৈতিক দৃষ্টিভঙ্গিতে ঠিক নয় বলেও ক্ষোভ উগরে দিয়েছে তারা।

Related Articles