Iraq Fire: ইরাকের নতুন শপিং মলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৬০
মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Truth of Bengal: ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব ইরাকের আল-কূট শহরে একটি পাঁচতলা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মাত্র পাঁচদিন আগেই খুলেছিল মলটি। বুধবার রাতে হঠাৎই আগুন লাগে ওই বহুতলে। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রথম তলার একটি রেস্তরাঁ থেকে আগুনের সূত্রপাত, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো মলে। তখন বহু মানুষ শপিং করতে ও ডিনার সারতে এসেছিলেন, ফলে ভিড়ের মধ্যেই অনেকেই আগুনে আটকে পড়েন (Iraq Fire)।
আরও পড়ুনঃ Civic Volunteer: নবান্নের ভেতরে সিভিকদের প্রবেশ নিষেধ
এই আগুন লাগার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে মলের একাধিক তলা। আগুন এতটাই ভয়াবহ ছিল যে রাতভর দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। শেষে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মলটি। এই প্রসঙ্গে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই শপিং মল মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে (Iraq Fire)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর আল-কূটের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘ মৃতদের মধ্যে বেশ কিছুজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তবে কয়েকজনের দেহ এতটাই দগ্ধ যে তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না।’ পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে, মলের ধ্বংসস্তূপে এখনও আরও মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘিরে ইরাকজুড়ে শোক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় অগ্নি-নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকারের তরফে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন বহু মানুষ (Iraq Fire)।






